নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অনিক (২০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের বেশ কয়েকজন। গুলিবিদ্ধ হওয়া আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁ এলাকায় স্থানীয় নাজিম উদ্দিন ও আলাল মুন্সির অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত অনিক দড়িগাঁ এলাকার ওসমান মেম্বারের ছেলে এবং নাজিম উদ্দিনের সমর্থক। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে দীর্ঘদিন ধরে এলাকার বাইরে ছিলেন আলাল মুন্সি ও জবা মেম্বার।
মঙ্গলবার ভোরে স্পিডবোটে নিলক্ষা ইউনিয়নে প্রবেশ করে ভাড়াটিয়া অস্ত্রধারীদের সহযোগিতায় নাজিম উদ্দিনের অনুসারীদের ওপর অতর্কিত হামলা চালায় আলাল মুন্সির অনুসারীরা। রায়পুরা থানার ওসি মজিবুর রহমান বলেন, আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধের জেরে দুইপক্ষের এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ, র্যাব, উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
