পায়ের পেশির চোটে ভোগা নেইমার জুনিয়রকে নিয়ে শঙ্কা কাটছেই না। ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেই ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ ড্র করে হোঁচট খায় ব্রাজিল। সর্বশেষ আপডেট অনুযায়ী, দলের কোচ কার্লো আনচেলত্তি গ্রুপ পর্বে পরের দুই ম্যাচেও তাকে পাওয়ার সম্ভাবনা দেখছেন না। এমনকি পুরো টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
গত ১৭ই মে সান্তোসের হয়ে খেলার সময় পায়ের পেশিতে চোট পান নেইমার। ১০ দিন পর ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দিলেও এখনো পুরোপুরি অনুশীলনে ফিরতে পারেননি তিনি। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ২০শে জুন হাইতি এবং ২৫শে জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের পরবর্তী দুই ম্যাচেও মাঠে নামতে পারবেন না তিনি।
নেইমারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে যুক্তরাষ্ট্রে দলের সাথেই তার আবারো মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। যদিও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো সেই পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সোমবার অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল নেইমারের। কিন্তু মাঠের পরিবর্তে তাকে আবারো হাসপাতালে যেতে হয়েছে। এতে সমর্থকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। ব্রাজিলের স্থানীয় গণমাধ্যমের দাবি, দলের চিকিৎসা বিভাগ নকআউট পর্বের আগেই নেইমারকে পুরোপুরি ফিট করে তোলার ব্যাপারে আশাবাদী। অর্থাৎ, গ্রুপ পর্বের বাধা টপকাতে ব্রাজিলকে আপাতত নেইমারকে ছাড়াই লড়াই করতে হবে।
এর আগে কোচ কার্লো আনচেলত্তি নেইমারের বর্তমান অবস্থা নিয়ে বলেছিলেন, ‘নেইমার দ্রুত মাঠে ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। আমাদের প্রত্যাশা, তিনি দ্রুত সুস্থ হয়ে আগামী সপ্তাহের মধ্যেই দলের সঙ্গে পুরোপুরি অনুশীলন শুরু করতে পারবেন।’
