১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে বৃটেন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে বৃটেন

ফন্ট সাইজ:

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। সোমবার (১৫ জুন) এক ঘোষণায় তিনি শিশুদের জন্য অনলাইন কার্যকলাপ সীমিত করার পরিকল্পনা প্রকাশ করেছেন। স্টারমার বলেছেন, সোশ্যাল মিডিয়া শিশুদের অসুখী বানাচ্ছে। বৃটিশ প্রধানমন্ত্রী ঘোষণা করেন, সোশ্যাল মিডিয়ার পাশাপাশি গেমিং এবং লাইভ-স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা একটি ‘বিশ্ব-নেতৃত্বস্থানীয় পদক্ষেপ’ হবে। এর ফলে অপরিচিত ব্যক্তিরা শিশুদের সাথে যোগাযোগ করতে পারবে না।

দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের জন্য দেশটিতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের সমর্থন ব্যাপকভাবে পেয়েছে। এই সিদ্ধান্তের প্রতি দেশটির ১০ জন অভিভাবকের মধ্যে নয়জনই সমর্থন জানিয়েছেন। কিয়ার স্টারমার বলেন, দুইজন সন্তানের বাবা হিসেবে আমি ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকে সঠিক সিদ্ধান্ত হিসেবে মনে করি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের স্প্রিংয়ে বৃটেন কর্তৃপক্ষ দেশটিতে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করবে।

যেসব যোগাযোগমাধ্যম নিষিদ্ধ হচ্ছে তার মধ্যে রয়েছে, স্নাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইন্সটাগ্রাম, ফেসবুক এবং এক্স। তবে এই তালিকায় নেই হোয়াটসঅ্যাপ, সিগন্যাল। এ ছাড়া দেশটিতে এআই চ্যাটবট এবং গেমিং পরিষেবাগুলো সরাসরি নিষিদ্ধ না হলেও, নির্দিষ্ট বয়সীদের জন্য সেগুলোর কার্যকারিতায় বিধিনিষেধ আরোপ করা হতে পারে। পাশাপাশি দেশটির সরকার অপ্রাপ্তবয়স্কদের জন্য রাতের বেলা ব্যবহারের সময়সীমা নির্ধারণ ও অবিরাম স্ক্রলিংয়ের অভ্যাস নিয়ন্ত্রণের মতো বিষয়গুলোও বিবেচনা করছে।

এক বিবৃতিতে স্টারমার বলেন, ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে এবং শিশুদের তাদের শৈশব ফিরিয়ে দিতে আরও ব্যাপক সুরক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে আমরা বিশ্বের যেকোনো দেশের চেয়ে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি। গত বছরের শেষদিকে অস্ট্রেলিয়ায় পাস হওয়া ঐতিহাসিক এক আইনকে মডেল হিসেবে ধরে বৃটেন এ পরিকল্পনা করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন