ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে এখন পর্যন্ত নয়জনের নিহতের খবর পাওয়া গেছে। সেই সঙ্গে আহত হয়েছে আরও অনেকে। এ ছাড়া হামলায় রাজধানী কিয়েভে ধর্মীয় প্রতিষ্ঠানে আগুন ধরেছে। ইউক্রেনের কর্তৃপক্ষের বরাতের বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনীর হামলায় কিয়েভে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া খারকিভে আগুন নিয়ন্ত্রণ আনতে গিয়ে পাঁচজন উদ্ধারকর্মী নিহত হয়েছে।
রাশিয়ার হামলায় ইউক্রেনের ১১ শতকের একটি ধর্মীয় প্রতিষ্ঠান উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো এই হামলাকে নৃশংস বলে উল্লেখ করেছেন।
অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তুলা শহরে অন্তত তিনজন নিহত হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে এক বছর বয়সী এক শিশু রয়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো বলেছেন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অনেক বাড়ি এবং গাড়িতে আগুন ধরেছে। হামলার কারণে কিয়েভে অন্তত দেড় লাখ মানুষ অন্ধকারে ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইউক্রেনের বেশিরভাগ শহরে বিমান হামলা সাইরেন বাজানো হয়েছে।
চার বছরের বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এতে উভয় দেশের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।
