যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানের ঘোষণা দেয়া সত্ত্বেও ইসরাইল তাদের বাহিনী লেবানন, সিরিয়া এবং গাজা থেকে প্রত্যাহার করবে না বলে জানিয়ে দিয়েছে। মার্কিন-ইরান চুক্তিতে লেবাননে যুদ্ধ বন্ধের কথা উল্লেখ থাকার মাত্র কয়েক ঘণ্টার মাথায় ইসরাইলের পক্ষ থেকে এই ঘোষণা এলো। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি একটি স্পষ্ট নীতি অনুসরণ করছি। আমাদের সীমান্ত এবং ইসরাইলি জনপদগুলোকে রক্ষা করতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অনির্দিষ্টকালের জন্য লেবানন, সিরিয়া এবং গাজার নিরাপত্তা অঞ্চলে অবস্থান করবে।
তিনি ইরানকে সতর্ক করে বলেন, লেবাননে ইসরাইলি অভিযানের প্রতিক্রিয়ায় ইরান যদি আক্রমণ করে, তবে ইসরাইল পূর্ণ শক্তি দিয়ে তার প্রতিশোধ নেবে। এদিকে ইসরাইলের উগ্র-ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির সামাজিক মাধ্যম এক্সে বলেন, ইসরাইল যুক্তরাষ্ট্রের কোনো ‘অধীনস্থ রাষ্ট্র’ নয়।
তিনি বলেন, আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আমরা এই চুক্তির অংশীদার নই। এটি আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না। এটি মানতে কেউ আমাদের বাধ্য করতে পারে না। বেন-গাভির আরও জোর দিয়ে বলেন, হিজবুল্লাহর সম্পূর্ণ বিলুপ্তি ছাড়া অন্য কোনো কিছুতে আপস করা হবে না। ইসরাইলি সেনারা যেসব এলাকা দখল ও সন্ত্রাসমুক্ত করেছে, সেখান থেকে কোনো সেনা প্রত্যাহার করা হবে না।
