কেটি পেরির প্রেমে হাবুডুবু ট্রুডো

জানালেন কানাডার ম্যাচে উপস্থিত না থাকার কারণ

কেটি পেরির প্রেমে হাবুডুবু ট্রুডো

ফন্ট সাইজ:

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার নিজ দেশ যখন বিশ্বকাপের ম্যাচ খেলছে, তখন তিনি সেই ম্যাচ না দেখে যুক্তরাষ্ট্রে। সেখানে প্রেমিকা পপ তারকা কেটি পেরির প্রেমে মশগুল। দেখছেন যুক্তরাষ্ট্রের মাঠে কেটি পেরির পারফরমেন্স। এরপর তাদেরকে গ্যালারিতে অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরাবন্দি করা হয়। ওইদিন সেখানে যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচ চলছিল। শুধু প্রেমিকার প্রেমে ডুবে নিজ দেশের খেলা বাদ দিয়ে তিনি বিদেশ বিভুইয়ে যুক্তরাষ্ট্রে বসে তাদের ম্যাচ দেখছেন। বিষয়টি মোটেও ভালভাবে দেখেননি সাধারণ মানুষ, বোদ্ধারা। ফলে তাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সেই সমালোচনার জবাব দিয়েছেন ট্রুডো। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, কখনও কখনও প্রেমিক হিসেবে দায়িত্বটা কাছে ডেকে নেয়। তবে কাপ জয়ের জন্য আমি কাকে সমর্থন করছি, সেটা তো আপনারা জানেনই। পোস্টের সঙ্গে তিনি কানাডার পতাকার ইমোজিও যোগ করেন।

টরন্টো এবং লস অ্যানজেলেসে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচ দুটি কয়েক ঘণ্টার ব্যবধানে অনুষ্ঠিত হয়। টরন্টোতে কানাডার সঙ্গে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে বসনিয়া-হার্জেগোভিনা। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। ওদিকে সেদিনই টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, মঞ্চে পরিবেশনা শেষে কেটি পেরি দৌড়ে এসে সাবেক কানাডীয় নেতাকে চুমু দিয়ে শুভেচ্ছা জানান। পুরো ম্যাচজুড়েই সম্প্রচারিত বিভিন্ন দৃশ্যে দু’জনকে গ্যালারিতে বসে বিয়ার পান করতে এবং ঘনিষ্ঠ মুহূর্ত উপভোগ করতে দেখা যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভালোভাবে নেননি অনেক কানাডীয়।
টরন্টোর এক এক্স ব্যবহারকারী এটিকে ‘এই দেশের প্রতি এক চপেটাঘাত’ বলে মন্তব্য করেন। তিনি লিখেছেন, ‘এটাকে শুধু রুচিহীন বললে কম বলা হবে।’ অন্যরা ট্রুডোকে ‘বিশ্বাসঘাতক’ এবং ‘প্রতারক’ বলেও আখ্যায়িত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় আরও তীব্র হয়ে ওঠে।

সাবেক এই প্রধানমন্ত্রী শুক্রবার লস অ্যানজেলেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচে উপস্থিত ছিলেন। রাত ৯টায় শুরু হওয়া সেই ম্যাচে যুক্তরাষ্ট্র ৪-১ গোলে প্যারাগুয়েকে হারায়। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি তার ২০২৪ সালের অ্যালবাম ১৪৩-এর তুলনামূলক কম পরিচিত গান ‘ওয়ান্ডার’ পরিবেশন করেন। পারফরম্যান্সের আগে তিনি পিপল ম্যাগাজিনকে বলেন, তার দীর্ঘ জনপ্রিয় গানের তালিকার মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া গার্লস, টিনেজ ড্রিম, ফায়ারওয়ার্ক এবং ইটি থেকে কোনো সুপারহিট গান না বেছে এই কম পরিচিত ব্যালাডটি নির্বাচন করেছেন বিশেষ কারণে। পেরির ভাষায়, আমি মনে করি, আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যে গানটি গাওয়ার সুযোগ পেয়েছি, তার জন্য এই গানটি খুবই উপযুক্ত।

জাস্টিন ট্রুডো ও কেটি পেরির সম্পর্কের গুঞ্জন প্রথম প্রকাশ্যে আসে ২০২৫ সালের জুলাই মাসে। পরে ডিসেম্বর মাসে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন। ট্রুডো টেলিভিশন উপস্থাপক সোফি গ্রেগোয়ারের সঙ্গে ১৮ বছর বিবাহিত জীবনে ছিলেন। তবে ২০২৩ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। তাদের তিনটি সন্তান আছে। অন্যদিকে কেটি পেরি ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ইংরেজ কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ডের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন