সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা কলোনির শহীদ মিনার এলাকায় সরকারি ভূমি দখল করে যত্রতত্র পুকুর খনন ও কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে এলাকার যাতায়াতের সরু রাস্তা তলিয়ে গেছে, পানি ঢুকছে বসতঘরে। প্রতিকার চেয়ে স্থানীয় বাসিন্দারা শহীদ মিনার কলোনি গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেন তারা। অভিযোগে সরকারি কালভার্ট বন্ধ করে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি ও এলাকার ক্ষতিসাধনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, কলোনি গ্রামের তিনটি সরকারি কালভার্ট অবৈধভাবে বন্ধ করে দেয়ায় স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়েছে।
ফলে বৃষ্টির ও জমে থাকা পানি নিষ্কাশন না হওয়ায় এলাকার ব্যাপক ক্ষতি হচ্ছে এবং আশপাশে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে জনসাধারণের চলাচল ও কৃষিকাজ ব্যাহত হচ্ছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো কার্যকর ফল মেলেনি বলে অভিযোগে জানানো হয়েছে।
বাসিন্দারা ঘটনাস্থল সরজমিন তদন্ত করে বন্ধ কালভার্টগুলো পূর্বাবস্থায় ফিরিয়ে এনে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুর আলম, নজরুল ইসলাম, তাহের মিয়া, জামাল মিয়া, জহির মিয়া, মানিক মিয়া, জয়রুন বিবি, মকবুল হোসেন, হাজেরা খাতুন, আব্বাস আলী ও আব্দুল করিম প্রমুখ।
