নাটোরের লালপুরে আবাদি জমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগে এক ইটভাটার মালিক ও এক এস্কেভেটর (ভেকু) চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার লালপুর সদর ইউনিয়নের মঞ্জিলপুকুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, মোমিনপুর গ্রামের মৃত মাওলা বঙের ছেলে ও বিবিআর ইটভাটার মালিক মো. রফিকুল ইসলাম (৪০) এবং মাধবপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ভেকু চালক মো. মেহের আলী (৪০)।
থানা সূত্রে জানা যায়, পুলিশের রাত্রীকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে মঞ্জিলপুকুর গ্রামের নাজিরুল রহমানের আবাদি জমিতে অভিযান চালায় পুলিশ। সেখানে এস্কেভেটর দিয়ে আবাদি জমির টপ সয়েল কেটে বিক্রির সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২-৩ জন পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ মানবজমিনকে বলেন, এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অন্য অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
