ময়মনসিংহে গফরগাঁও পৌর শহরে পিটিয়ে ও কুপিয়ে কলেজছাত্র আশরাফুল আলম রবিন (২৩) হত্যা মামলার অজ্ঞাত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন, শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল দুপুর ১টার দিকে গফরগাঁও প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের জনগণ ও কলেজ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে নিহত রবিনের বন্ধুরা, পরিবারের লোকজন, আত্মীয়স্বজন, সর্বস্তরের মানুষ ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারীরা বিক্ষোভ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- নিহত রবিনের বাবা মোফাজ্জল হোসেন, মা শান্তা বেগম, বড় বোন ফাতেমা আক্তার ঝিনুক, কলেজ শিক্ষার্থী মাহাফুজ, রিমেল ও ইমিসহ অনেকে। বক্তারা অভিযোগ করে বলেন, একটি আলোচিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাত মামলা হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এতে নিহত রবিনের পরিবার চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা অনতিবিলম্বে আসামি গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় পৌর শহরের মাজার বাড়ি সড়কে কলেজছাত্র রবিন নিজের জন্মদিন পালন করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে অজ্ঞাত দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে তাকে আহত করে। পরে রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রবিন মারা যায়।
