পুশইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত, জামায়াত এমপি আরমানের সমালোচনা

ফন্ট সাইজ:

সীমান্তে ভারতের পুশইন নিয়ে জাতীয় সংসদে প্রস্তাব (সাধারণ)-এর আলোচনা স্থগিত করা নিয়ে সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান। কার্যপ্রণালী-বিধির প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ অনুসারে একটি প্রস্তাবের ওপর রোববার সংসদে আলোচনা হওয়ার কথা ছিল। বৃহস্পতিবারের সংসদের দিনের অধিবেশনের মুলতবির পরে রোববারের কার্যসূচিতে বিষয়টি উল্লেখ ছিল। প্রস্তাবটি এনেছিলেন আহমাদ বিন কাসেম।

তবে রোববার সকালে দেয়া নতুন কার্যসূচিতে বিষয়টি ছিল না। প্রস্তাবে বলা হয়, দেশের সার্বভৌমত্ব, নাগরিক নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার স্বার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ পুশইন ও সীমান্ত হত্যা এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশ্যে ঘোষিত পুশইন তৎপরতার এই ক্রমবর্ধমান প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ প্রয়োজনীয় কূটনৈতিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ অপরিহার্য বিধায় জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি মহান জাতীয় সংসদে আলোচনা। রোববার বিকালে সংসদের অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান আহমাদ বিন কাসেম। তিনি বলেন, আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম।

সংসদের মূলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয় আজকে (রোববার) এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগে মুলতবি শাখা থেকে আমাকে জানানো হলো অনিবার্য কারণবশত এই প্রস্তাবটি, যেটি গৃহীত হয়েছিল, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেখানে চিঠি পাঠানো হয়েছিল, অনিবার্য কারণবশত সেটা স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, আমার প্রশ্ন, জনগণের রক্তের চেয়ে আর কি গুরুত্ব থাকতে পারে যে এত বড় একটি জনগুরুত্বপূর্ণ বিষয় যেটা কোনো দলীয় এজেন্ডা নয়, যেটা অনিবার্য কারণবশত এটাকে স্থগিত করতে হলো।

দ্বিতীয় প্রশ্ন, এটা যে স্থগিত হলো পরবর্তী কবে এটা আলোচনার জন্য নির্ধারিত হবে? জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, নোটিশটা আমার সামনেও আছে। স্থগিত একটা টেম্পোরারি একটা মেজর। বাজেট অধিবেশন চলছে। আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে। ইট ইজ ভেরি ফান্ডামেন্টাল পার্ট। আমরা প্রত্যাশা করছি, স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক কোনো এক সময় নোটিশের উপর আলোচনা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন