জুয়াইরিয়া ফেরদৌসের বিধ্বংসী ফিফটি আর শেষ দিকে শারমিন আক্তারের ব্যাটিংয়ে জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ। বার্মিংহামে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস নারী দলকে ৬ উইকেটে হারায় টাইগ্রেসরা।
এজবাস্টনে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। ম্যাচের শুরুতে ডাচ ব্যাটারদের চেপে ধরেন বাংলাদেশি বোলাররা। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডস। ফেবে মোলকেনবারকে নিগার সুলতানা জ্যোতির ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান পেসার মারুফা আক্তার। দলীয় ৩৬ রানে দ্বিতীয় উইকেট হারায় কমলা জার্সিধারীরা। হিদার সিগার্স ব্যক্তিগত ১৬ রানে ফারিহা আক্তার তৃষ্ণার শিকার হন। দুই ওপেনারের বিদায়ে পর এক প্রান্ত আগলে রেখে ৪৫ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলেন বাবাতে ডি লিড। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান তোলে নেদারল্যান্ডস। বাংলাদেশের পক্ষে পেসার মারুফা আক্তার ২ উইকেট নেন। ১৪০ রানের লক্ষ্যে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ।
উদ্বোধনী জুটিতে ৭.৪ ওভারে স্কোরবোর্ডে জমা হয় ৬৭ রান। ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন জুয়াইরিয়া ফেরদৌস। ছক্কা মেরে অর্ধশতক ছোঁয়ার পরের বলেই তিনি সাজঘরে ফেরেন। এরপরই বিপর্যয়ে পড়ে দল। ক্রিজে এসে ‘গোল্ডেন ডাক’ মারেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১১তম ওভারের মধ্যে বিদায় নেন দিলারা আক্তার (২৬) ও সোবহানা মোস্তারিও (৪)। ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন বিপদে তখন ত্রাণকর্তা হয়ে দাঁড়ান শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। এই দুই ব্যাটার পরিস্থিতি সামাল দিয়ে গড়েন ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি। ৩২ বলে ৩৭ রানে শারমিন এবং ১৭ বলে ১৮ রানে স্বর্ণা অপরাজিত থেকে ৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন।
