নেত্রকোণার পূর্বধলা উপজেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় শিশির আহম্মদ তালুকদার রাতুল (২২) নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার শিশির আহম্মদ তালুকদার রাতুল পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের শালদিঘা গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং তিনি পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী। ভুক্তভোগী শরীফ হোসেন (২১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী।
তার বাড়ি নেত্রকোণার আটপাড়া উপজেলার শুনই গ্রামে। তিনি জানু মিয়ার ছেলে। পুলিশ জানায়, গত ১০ই জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাবি’র ৫৪তম আবর্তনের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শরিফ হোসেন নেত্রকোণা সদরের নতুন বাইপাস এলাকায় যাওয়ার উদ্দেশ্যে সিএনজিযোগে রওনা হন। ভুলবশত তিনি পূর্বধলা উপজেলার শালদিঘা এলাকায় নেমে পড়েন। পরে হেঁটে ত্রিমোহনীর দিকে যাওয়ার সময় শালদিঘা ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে পৌঁছালে দুই ছিনতাইকারী তার পথরোধ করে। ছিনতাইকারীরা তাকে মারধর করে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পাশের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আরও একজন যোগ দেয়। তিনজন মিলে তাকে হত্যার হুমকি দিয়ে মারধর করে এবং তার কাছে থাকা ৪ হাজার ৫৬০ টাকা ছিনিয়ে নেয়। নগদ টাকা নেয়ার পরও ছিনতাইকারীরা থেমে থাকেনি। তারা ভুক্তভোগীর মোবাইল ফোন ব্যবহার করে বিকাশ অ্যাপের মাধ্যমে ১০ হাজার টাকা নিজেদের নম্বরে স্থানান্তর করে। এ ছাড়া বিকাশ অ্যাকাউন্ট থেকে ১ হাজার ৫০০ টাকা ঋণ নিয়ে সেটিও নিজেদের কাছে পাঠিয়ে দেয়। পরে প্রায় ২২ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোনও ছিনিয়ে নেয়। অভিযুক্তরা শরীফ হোসেনকে বস্ত্রহীন করে বলাতে বাধ্য করে ‘আমি একজন জুলাইযোদ্ধা, আমি আর জুলাই করতাম না। জুলাই...। আমি আগে ভুল করছি ছাত্রদের পক্ষে থাইক্কা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ এ সময় বস্ত্রহীন অবস্থায় শরীফকে কাঁদতে দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিকে হৈচৈ পড়ে যায়। পরদিন রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা করেন শরীফ হোসেন। পরে পূর্বধলা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ময়মনসিংহের চরপাড়া এলাকা থেকে মূল অভিযুক্ত শিশির আহম্মদকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ভুক্তভোগীর ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং ছিনতাইকৃত টাকার মধ্যে ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ (রোববার) দুপুরে সাত দিনের রিমান্ড আবেদনসহ শিশির আহম্মদকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
