ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার মুখে পড়ে পুলিশ। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। হামলায় এক উপ-পরিদর্শক (এসআই)সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী মনির ওরফে ‘ফাইটার মনির’সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে সদর উপজেলার ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে গ্রেপ্তার করা হয় শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মনির হোসেন ওরফে ফাইটার মনির (৩৮), মো. নাঈম (৩০) ও মো. মাসুমকে (২৪)।

এ সময় তাদের হেফাজত থেকে মোট ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং একটি ধারালো কাঁচি উদ্ধার করা হয়। আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন এবং কনস্টেবল আশিক। আহতদের নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এসআই নন্দন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মাসদাইর গুদারাঘাট এলাকায় ফাইটার মনিরের মাদক আস্তানায় অভিযান চালায়। এ সময় ১৫ কেজি গাঁজাসহ ফাইটার মনির এবং তার দুই সহযোগী নাঈম ও মাসুমকে আটক করা হয়। পরে আটকের খবর পেয়ে মনিরের সহযোগীরা তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
আত্মরক্ষার্থে পুলিশও শটগান থেকে দুই রাউন্ড গুলি ছোড়ে। এ সময় হামলাকারীদের ছোড়া গুলিতে ফাইটার মনিরের পায়ে গুলি লাগে। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের প্রতিরোধের মুখে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মাদকবিরোধী অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনিরকে তার দুই সহযোগীসহ বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
তাদের ছাড়িয়ে নিতে মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ শটগান থেকে দুই রাউন্ড গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন