বেলজিয়ামকে চমকে দিতে প্রস্তুত মিশর

বেলজিয়ামকে চমকে দিতে প্রস্তুত মিশর

ফন্ট সাইজ:

বিশ্বকাপে আগামীকাল ‘জি’ গ্রুপের ম্যাচে বেলজিয়ামের মোকাবিলা করবে মিশর। আর ওয়াশিংটনের সিটল স্টেডিয়ামে রাত ১টায় ক্যারিয়ারের শেষটা শুরু করবেন মোহাম্মদ সালাহ-কেভিন ডি ব্রুইনারা। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে রয়েছে বেলজিয়াম। অভিজ্ঞ-তারুণ্যের মিশেলে গড়া স্কোয়াড রীতিমত ভীতি ছড়াচ্ছে প্রতিপক্ষ শিবিরে। তবে ডি ব্রুইনা-জেরমি ডকুদের সামনে বুক চিতিয়েই লড়ার ঘোষণা মিশরের। আর মিশরের মাঝমাঠের খেলোয়াড় মারওয়ান আত্তিয়া স্বদেশি সংবাদমাধ্যম এমবিসি মাসরকে বলেন, ‘আমরা ইতিবাচক ফলাফলের জন্যই মাঠে নামবো।’ মিশরকে সমীহ জানাচ্ছেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কুর্তোয়াও। গ্রুপ পর্বে সালাহদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ মানছেন রিয়াল মাদ্রিদ তারকা। হেড টু হেড পরিসংখ্যান কথা বলছে মিশরের হয়ে। প্রীতি ম্যাচে চার দেখায় তিনবারই জিতেছে ফারাওরা।

২০২২ সালে সর্বশেষ সাক্ষাতে বেলজিয়ামকে ২-১ গোলে হারায় মিশর। এর আগে তিনবার বিশ্বকাপে অংশ নেয়া মিশর মোট ৮ ম্যাচ খেলে কোনো জয় পায়নি। ছয় হারের বিপরীতে তাদের অর্জন দুই ড্র। মোহাম্মদ সালাহ কি এবার পারবেন ফারাওদের সেই আক্ষেপ ঘুচাতে? ক্লাব ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপা জয়ের স্বাদ নেয়া হয়ে গেছে, তবু সালাহর একটা অতৃপ্তি। আফ্রিকান নেশনস কাপের খুব কাছে গিয়েও দু’বার ফিরেছেন খালি হাতে। ২০১৮তে ২৮ বছর পর বিশ্বকাপে তুলেন দলকে। রাশিয়া ও সৌদি আরবের বিপক্ষে গোলও পেয়েছিলেন। কিন্তু তিন ম্যাচেই পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় মিশরকে। আট বছর পর ক্যারিয়ারের অন্তিম লগ্নে আবারও নামছেন ৩৩ বছর বয়সী তারকা। শেষটায় স্মরণীয় কিছু উপহার দেয়ার প্রত্যয় তার।

গত সপ্তাহে স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে সালাহ বলেন, ‘আমরা দেশের জনগণকে গর্বিত করতে চাই। এবং আমরা নিজেদের সেরাটাই ঢেলে দেবো।’ ‘জি’ গ্রুপে বেলজিয়াম, মিশরের সঙ্গে বাকি দুই দল নিউজিল্যান্ড ও ইরান। র‌্যাঙ্কিং বিচারে মিশরের (২৯) চেয়ে এগিয়ে রয়েছে ইরান (২০)। তবে নিজেদের শেষ পাঁচ প্রীতি ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন সালাহরা। সৌদি আরব, রাশিয়ার বিপক্ষে জয়, স্পেনের সঙ্গে ড্র। আর ব্রাজিলের কাছে ২-১ গোলের লড়াকু হার। বেলজিক গোলক্ষক কুর্তোয়া তাই মিশরকে সমীহ জানাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা মিশরের বিপক্ষে প্রথম ম্যাচে মনযোগ দিচ্ছি। আশা করি, গ্রুপের সবচেয়ে শক্তিশালী দলটির বিপক্ষে জয় পাবো।’ চেলসির সাবেক সতীর্থ সালাহকেও প্রশংসায় ভাসান কুর্তোয়া। বলেন, ‘সালাহ বড় মাপের খেলোয়াড়। চেলসিতে আমরা একসঙ্গে খেলেছি। আমরা জমাট রক্ষণের দলের মুখোমুখি হতে চলেছি। তাদের কাউন্টার অ্যাটাক নিয়ে সতর্ক থাকতে হবে। জায়গা দেয়া হলে খেসারত দিতে হবে আমাদের।’
এক্স ফ্যাক্টরস

মিশর যথারীতি তাকিয়ে থাকবে সালাহর দিকে। দেশের হয়ে ১১৪ ম্যাচে রেকর্ড ৬৫ গোল করেছেন তিনি। বড় টুর্নামেন্টে সালাহর স্কোরিং রেকর্ড অনন্য। বিশ্বকাপে দুই ম্যাচে দুই গোল, নেশন্স কাপে ২৫ ম্যাচে ১১ গোল ও ৫ অ্যাসিস্ট। লিভারপুলের জার্সিতে গত মৌসুমে খুব বেশি খেলার সুযোগ পাননি। তবুও ২৭ ম্যাচে সাতটি করে গোল ও অ্যাসিস্টে সালাহ প্রমাণ করেন পায়ের ধার এখনো কমেনি তার। অন্যদিকে, বেলজিয়াম দল তারকায় ঠাসা। অভিজ্ঞ ডি ব্রুইনাকে সঙ্গ দিতে রয়েছেন ইনফর্ম ডকু। ম্যানসিটি তারকা রয়েছেন দারুণ ছন্দে। তবে ৩৪ বছর বয়সী ডি ব্রুইনা এখনো বেলজিয়ামের সৃজনশীলতার কেন্দ্রবিন্দু। গত মৌসুমে চোট আর ফিটনেস ইস্যুতে বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন ডি ব্রুইনা। নাপোলির হয়ে যে ক’টি ম্যাচে সুযোগ পেয়েছেন আলো ছড়িয়েছেন। জাতীয় দলের হয়ে শেষ পাঁচ ম্যাচেই তাকে খেলিয়েছেন কোচ রুডি গার্সিয়া। দেশের হয়ে ঈর্ষণীয় সাফল্য ডি ব্রুইনার। ১১৯ ম্যাচে ৩৭ গোল ৫৩টি অ্যাসিস্ট রয়েছে এই প্লেমেকারের।
ম্যাচ গোল অ্যাসিস্ট
সালাহ ১১৪ ৬৫ ৩৫
ডি ব্রুইনা ১১৯ ৩৭ ৫৩



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন