সড়ক ও মহাসড়কের পাশে কোনো ধরনের ময়লা-আবর্জনা ফেলা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। তিনি জানান, এ বিষয়ে দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভাকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য পুনর্ব্যবহার করে জৈব সার, বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। রোববার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-বাইপাস ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশের বর্জ্য অপসারণ কার্যক্রম এবং নতুন ডাম্পিং স্টেশনের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্যের বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এসেছে। তার নির্দেশেই তিনি সরজমিন পরিস্থিতি পরিদর্শনে এসেছেন। গত দুইদিন ধরে বর্জ্য অপসারণের কাজ চলমান রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে পুরো এলাকা পরিষ্কার করা হবে। তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে ইতিমধ্যে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু হয়েছে। বর্জ্য থেকে জৈব সার, বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়িত হলে পরিবেশ দূষণ কমবে এবং বর্জ্য সম্পদে রূপান্তরিত হবে। ভবিষ্যতে যাতে সড়ক বা মহাসড়কের পাশে আর কোনো বর্জ্য ফেলা না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে লোকালয় থেকে দূরে পরিবেশসম্মতভাবে বর্জ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য নতুন ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় উপস্থিত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আমার নির্বাচনী অঙ্গীকার ছিল একটি পরিবেশবান্ধব ও আধুনিক রূপগঞ্জ গড়ে তোলা। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে রূপগঞ্জের উন্নয়নে কাজ করছি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন, জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, বিএনপি নেতা আব্বাস উদ্দিন, শামীম ভূঁইয়া, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, মাহবুবুর রহমান মাহবুব, রফিকুল ইসলাম রফিক, আবু মোহাম্মদ মাসুম, আরিফুজ্জামান ইমন, ওমর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
