কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের ঝালুর চর বিএসএফ ক্যাম্প থেকে নারী ও শিশুসহ ৬ জনকে সীমান্তে নিয়ে আসা হয়। তারা বর্তমানে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন। খবর পেয়ে বিজিবি সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বলেন, ‘সম্প্রতি সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা নিয়ে উদ্বেগ রয়েছে। তাই গয়টাপাড়া সীমান্তে যেকোনো ধরনের পুশইন ঠেকাতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।’
বিজিবি সূত্র জানায়, বিজিবি সদস্যরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
গয়টাপাড়া বিওপির ক্যাম্পের হাবিলদার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।’
