১৭ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

১৭ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

ফন্ট সাইজ:

শুধু জিতলেই হতো না মোহামেডান স্পোর্টিং ক্লাবের। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হার কামনাও করতে হতো। সেই সমীকরণই মিলে গেছে। বৃষ্টিবিঘ্নিত দিনে জিতেছে মোহামেডান আর হারলো প্রাইম ব্যাংক। এতে দীর্ঘ ১৭ বছর পর ঢাকা প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হয়ে গেল মোহামেডান। দেশের ক্লাব ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে ২০০৯-১০ মৌসুমের পর এটিই মোহামেডানের প্রথম শিরোপা। টুর্নামেন্টটি লিস্ট ‘এ’ স্বীকৃত পাওয়ার এই প্রথম শিরোপা ঘরে তুললো সাদা-কালো শিবির। সব মিলিয়ে প্রিমিয়ার লীগে এটি তাদের দশম শিরোপা।

বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রিমিয়ার লীগের শেষ দিনে আবাহনী লিমিটেডের বিপক্ষে রেকর্ড গড়ে ৪০৬ রান করে মোহামেডান। পরে আবাহনী ২৪.৪ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান করার পর বজ্রপাত ও বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি। তাই ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে মোহামেডানকে ৬৩ রানে জয়ী ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। পাশের মাঠে ঢাকা লেপার্ডসের মুখোমুখি হয় শিরোপার দৌড়ে থাকা প্রাইম ব্যাংক। তারা আগে ব্যাট করে ৮ উইকেটে ২৬৬ রানের পুঁজি পায়। জবাবে লেপার্ডস ২৯.১ ওভারে ৩ উইকেটে ১৪২ রান করার পর খেলা বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টার বেশি অপেক্ষার পর ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে লেপার্ডসকে ৮ রানে জয়ী ঘোষণা করা হয়। ফলে ১১ ম্যাচের লিগ শেষে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। অন্য দিকে সমান ৮ জয়ে ১৬ পয়েন্ট করে পেয়েছে আবাহনী ও প্রাইম ব্যাংক। তবে হেড টু হেডের হিসেবে এগিয়ে থেকে রানার্স-আপ হয়েছে আবাহনী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন