রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ফুটবল বোদ্ধাদের অনেকে ফেবারিটের তালিকায় ওপরের দিকে রাখছেন না। সেলেসাওদের সক্ষমতা নিয়ে এই সন্দেহ বা সংশয়কেই ব্রাজিলের জন্য প্লাস পয়েন্ট হিসেবে দেখছেন অভিজ্ঞ গোলরক্ষক আলিসন বেকার। লিভারপুলের এই তারকার মতে, স্পটলাইটের বাইরে থাকাটা উত্তর আমেরিকার বিশ্বমঞ্চে ব্রাজিলের শক্তি হিসেবে কাজ করবে।
আগামীকাল মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ ‘সি’-এর মিশন শুরু করবে ব্রাজিল। তার আগে নিউ জার্সিতে ব্রাজিলের বেসক্যাম্পে সাংবাদিকদের মুখোমুখি হন ৩৩ বছর বয়সী আলিসন।
ব্রাজিলকে নিয়ে ফুটবলপ্রেমীদের সংশয় প্রসঙ্গে আলিসন বলেন, ‘দলকে নিয়ে কিছু সন্দেহ বা সংশয় থাকাটা আসলে ভালো জিনিস। কারণ অতীতেও এমনটা বেশ কয়েকবার ঘটেছে (যখন ফেবারিট না হয়েও ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে)। বর্তমান দলটির বৈশিষ্ট্য অতীতের চেয়ে আলাদা। নানা কারণে গত কয়েকটা বছর আমাদের ফুটবলারদের জন্য বেশ কঠিন কেটেছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা বর্তমানে কেমন অনুভব করছি। আশা করি, মরক্কোর বিপক্ষে ম্যাচে আমরা এর প্রতিফলন ঘটাতে পারব এবং ভালো একটা ফলাফল পাবো।’
২০০২ সালে জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের পর দীর্ঘ ২৪ বছর ধরে ট্রফির খোঁজে আছে ব্রাজিল। সেবারও কিন্তু ব্রাজিল ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করেনি, অথচ ট্রফি নিয়েই ঘরে ফিরেছিল। এবারের বিশ্বকাপে আলোচনা মূলত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও পর্তুগালকে ঘিরে। ব্রাজিলকে নিয়ে আলোচনা কিছুটা কম। অতীতে কী হয়েছে, তা নিয়ে পড়ে থাকতে রাজি নন নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে যাওয়া আলিসন। ২০১৮ ও ২০২২-টানা দুই আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের কষ্ট ভুলে এখন তাকাতে চান সামনে। আলিসন বলেন, ‘অতীতে কী ঘটেছে, তা নিয়ে ফুটবলে আফসোস করার মতো সময় আপনার হাতে নেই।’
বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিলের যাত্রাটা ছিল খুবই নড়বড়ে। ১০ দলের মধ্যে পঞ্চম হয়ে কোনোমতে মূল পর্বের টিকিট কাটে তারা। এই ব্যর্থতার দায়ে চাকরি হারাতে হয় দুই কোচকে। অবশেষে এক বছর আগে ব্রাজিলের দায়িত্ব নেন ইতালিয়ান রিয়াল মাদ্রিদ কিংবদন্তি কার্লো আনচেলত্তি। নতুন কোচের অধীনে দল যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। শেষ দুই প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ এবং মিশরকে ২-১ গোলে হারিয়েছে তারা। নতুন কোচকে নিয়ে আলিসন বলেন, ‘আনচেলত্তি আসার পর থেকে আমাদের দলের পরিবেশ পুরোপুরি বদলে গেছে। উনার ব্যক্তিত্ব দারুণ এক ইতিবাচক প্রভাব ফেলেছে এবং তিনি বাইরের কোনো বিতর্কিত বিষয়ে মনোযোগ দেন না।’
মেটলাইফ স্টেডিয়ামে শনিবার গ্রুপ পর্বের সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে ফিফা র্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে থাকা ব্রাজিল ও সপ্তম স্থানে থাকা মরক্কো। ৪৮ দলের এই টুর্নামেন্টে নিজেদের গ্রুপে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ তুলনামূলক আন্ডারডগ হাইতি ও স্কটল্যান্ড।
