সাংবাদিকদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সমাজের অসঙ্গতি, বৈষম্য ও অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে জনমত গঠন এবং সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা গণমাধ্যমকর্মীদের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, সাংবাদিকতা যদি পেশাদারিত্ব ও সততার সঙ্গে পরিচালিত হয়, তাহলে সমাজ, রাষ্ট্র ও গণতন্ত্র উপকৃত হবে। গত বুধবার বিকালে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকদের রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে, তবে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া পেশাগত নিরপেক্ষতার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। গণমাধ্যমের স্বাধীনতা ও গ্রহণযোগ্যতা রক্ষায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা ধরে রাখার বিকল্প নেই। অনুষ্ঠানে গৌরীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সাংবাদিক মো. রইছ উদ্দিন ও কাজী আব্দুল্লাহ আল আমীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলসহ সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে একই দিনে জেলা পরিষদ ময়মনসিংহের অর্থায়নে এবং ‘কাউন্সিল ফর ডেভেলপমেন্ট অব হিউম্যান’-এর উদ্যোগে গৌরীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে বিশেষ চাহিদাসম্পন্ন ২৪ জন ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
