মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রস্তাবিত একটি বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে আলবেনিয়ার রাজধানী তিরানা এখন উত্তাল। ‘আলবেনিয়া বিক্রির জন্য নয়’ এই স্লোগানে মুখরিত হয়ে দেশটির হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছেন। কুশনারের এই মাল্টি-বিলিয়ন ডলারের প্রকল্পের বিরুদ্ধে এটিই এখন পর্যন্ত দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ। গত বুধবার আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা জড়ো হন। প্রায় আধ মাইল দীর্ঘ এই মিছিলে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল স্পষ্ট। ৫ বিলিয়ন ইউরো (প্রায় ৫.৮ বিলিয়ন ডলার) ব্যয়ের এই মেগা প্রকল্পটিকে ঘিরে বলকান এই দেশটিতে ব্যাপক জন অসন্তোষ তৈরি হয়েছে। কারণ রিসোর্টটি এমন একটি সুরক্ষিত জলাভূমির কাছে তৈরি করার পরিকল্পনা করা হয়েছে, যা ফ্লেমিঙ্গো, সিল এবং সামুদ্রিক কচ্ছপের প্রধান প্রজনন ক্ষেত্র ও আবাসস্থল। বিদেশি বিনিয়োগকারীদের এই প্রকল্পে কোনো স্বচ্ছতা নেই বলেও অভিযোগ তুলেছেন সমালোচকরা। লিয়েন্দ লাকরোরি নামের এক বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গত ৩৫ বছর ধরে আলবেনিয়ায় যা ঘটছে, এটি তার একটি বড় উদাহরণ। আজ আমরা বলতে এসেছি আর নয়, এবার থামুন।
ফ্লেমিঙ্গো বিপ্লব: দক্ষিণাঞ্চলীয় উপকূলের জভেরনেক গ্রাম থেকে এই বিক্ষোভের সূত্রপাত হয়। পরিবেশগতভাবে সংবেদনশীল এই জলাভূমিটি পরিযায়ী (অতিথি) পাখিদের অন্যতম প্রধান আশ্রয়স্থল হওয়ায় এই আন্দোলন এখন ‘ফ্লেমিঙ্গো বিপ্লব’ নামে পরিচিতি পেয়েছে। বিক্ষোভকারীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে প্লাস্টিকের তৈরি ফ্লেমিঙ্গো পাখি নিয়ে মিছিলে অংশ নেন। অবশ্য আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা পরিবেশগত এই উদ্বেগকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি দাবি করেছেন, পরিবেশের ওপর এর প্রভাব সঠিকভাবে মূল্যায়ন করেই দায়িত্বশীলতার সঙ্গে প্রকল্পটি এগিয়ে নেওয়া হবে। রামা বলেন, বন্যপ্রাণী ও প্রকৃতির সুরক্ষার বিষয়ে ইউরোপীয় কমিশনের আমাদের ওপর সন্দেহ করার কোনো কারণ নেই।
ইউরোপীয় ইউনিয়নের সতর্কবার্তা : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে আলবেনিয়াসহ অন্যান্য বলকান দেশগুলোকে ইইউ-এর সদস্যপদ দেওয়া হতে পারে। তবে শর্ত হলো, তাদের অবশ্যই ইউরোপের পরিবেশ আইন কঠোরভাবে মেনে চলতে হবে। ইইউ মুখপাত্র গুইলাম মার্সিয়ার আলবেনিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, পরিবেশের ক্ষতি করতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে আলবেনিয়ার বিরত থাকা উচিত। ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী রামা বর্তমানে ব্যাপক দুর্নীতির অভিযোগে এমনিতেই রাজনৈতিক চাপে রয়েছেন। এর আগে দুর্নীতির অভিযোগে তার উপ-প্রধানমন্ত্রী বেলিন্ডা বাল্লুকু-কে বরখাস্ত করতে বাধ্য হয়েছিলেন তিনি। নতুন এই রিসোর্ট প্রকল্পকে কেন্দ্র করে রামার ওপর জনগণের অসন্তোষ আরও তীব্র রূপ নিয়েছে। জানা গেছে, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং তার স্ত্রী ইভাঙ্কা ট্রাম্প কয়েক বছর আগে একটি বিলাসবহুল ইয়টে করে আলবেনিয়া সফরের সময় এই অঞ্চলের প্রেমে পড়েন এবং পরবর্তীতে এই রিসোর্ট তৈরির পরিকল্পনা করেন। গত মাসে ডেভেলপাররা জভেরনেক এলাকার চারপাশে সীমানা প্রাচীর বা বেড়া দেওয়া শুরু করলে জনগণের তীব্র আপত্তির মুখে তা সরিয়ে ফেলা হয়। তবে প্রধানমন্ত্রী রামা সাফ জানিয়ে দিয়েছেন, বিক্ষোভ সত্ত্বেও এই প্রকল্প চালু থাকবে।
