ভারতের দিল্লিতে আয়োজিত বহুল প্রচারিত এআই সামিটে শুক্রবার বিকেলে ভারতীয় যুব কংগ্রেসের শার্টলেস বিক্ষোভ নিয়ে ভারতের রাজনীতি উত্তপ্ত হয়েছে। এদিন বিক্ষোভকারীরা অনুষ্ঠানস্থলের ভেতরে ঢুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে স্লোগান দিলে বিশৃঙ্খলা দেখা দেয়। সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের টি-শার্ট হাতে বহন করতে বা পরে থাকতে দেখা গেছে, যার উপর লেখা ছিল ‘প্রধানমন্ত্রী আপোস করেছেন ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে’ এবং ‘এপস্টাইন ফাইলস’ স্লোগান।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কংগ্রেসের সমালোচনা করে এই বিক্ষোভকে “চরিত্রহীন, বুদ্ধিহীন এবং আবেগহীন” বলে অভিহিত করেছে।
দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় যুব কংগ্রেস কর্মীদের বিক্ষোভের পর এআই ইমপ্যাক্ট সামিট-এর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। তিনি ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন।
বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, যুব কংগ্রেসের বিক্ষোভ কংগ্রেস দলের ‘অহংকার ও হতাশা’র প্রতিফলন। তিনি বলেন, “তাহলে, মিঃ রাহুল গান্ধী, সরকারকে লক্ষ্য করে ভারতকে অপমান করা আপনার বিরোধীতার লক্ষ্য! আপনি যখন সাম্প্রতিক বাণিজ্য চুক্তি সম্পর্কে মিথ্যা প্রচার করে ভারতের উন্নয়নকে স্তব্ধ করতে চান, তখন আপনার পদাতিক যোদ্ধারা মর্যাদাপূর্ণ এআই শীর্ষ সম্মেলনে শার্টবিহীনভাবে মিছিল করে বিশ্বব্যাপী ১৪০ কোটি ভারতীয়কে বিব্রত করার চেষ্টা করেছেন” বলে গোয়েল সমাজ মাধ্যমে মন্তব্য করেছেন।
তবে এআই ইমপ্যাক্ট সামিটে যুব কংগ্রেস কর্মীদের শার্টবিহীন বিক্ষোভের পর কংগ্রেস কর্মীদের পক্ষ নিয়ে বলেছে যে, এই বিক্ষোভ সারা দেশের বেকার যুবকদের ক্ষোভের প্রতিফলন। ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিব বলেন, আমাদের যুব কংগ্রেসের সহকর্মীরা রাহুল গান্ধীর সৈনিক। তাদের ভয় দেখানো যাবে না।
