মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দাপট, লড়াকু জয় ব্রাজিলের

বিশ্বকাপ প্রস্তুতি

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দাপট, লড়াকু জয় ব্রাজিলের

ফন্ট সাইজ:

ফিফা বিশ্বকাপের পর্দা ওঠার মাত্র কয়েক দিন বাকি। বিশ্বমঞ্চের মহাযজ্ঞে মাঠে নামার আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। বাংলাদেশ সময় ভোরে প্রীতি ম্যাচে জয় তুলে নিয়েছে ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। জয়ের দেখা পেয়েছে জার্মানি এবং ইংল্যান্ডও।

টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২-০ ব্যবধানে হারিয়েছে হন্ডুরাসকে। অধিনায়ক লিওনেল মেসিকে এই ম্যাচে বিশ্রামে রাখা হলেও, আক্রমণভাগে উজ্জ্বল ছিলেন লাউতারো মার্টিনেজ। দলের জয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন ইন্টার মিলান স্ট্রাইকার। আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোলটি করেন জুলিয়ানো সিমিওনে।

এর আগের ম্যাচে ক্লিভল্যান্ডে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ২-১ ব্যবধানে পরাস্ত করেছে মিশরকে। ম্যাচের শুরুতেই নিউক্যাসেল ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসের গোলে এগিয়ে যায় সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে রাফিনহার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এন্ড্রিক। মিশরের হয়ে একমাত্র গোলটি করেন জিকো। মিশরের পক্ষে প্রথমার্ধে মাঠে নামা মোহাম্মদ সালাহ ভালো ফর্মের ইঙ্গিত দিলেও, ব্রাজিল শিবিরে হানা দিয়েছে চোটের আঘাত। এএস রোমার রাইট-ব্যাক ওয়েসলি বাম পায়ে গুরুতর পেশির চোট পেয়ে চোখের জলে মাঠ ছাড়েন, যা তাকে বিশ্বকাপ থেকেই ছিটকে দিতে পারে।

শিকাগোতে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ২-১ ব্যবধানে হারিয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রকে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই জশুয়া কিমিচের ফ্রি-কিক থেকে হেডে গোল করে জার্মানিকে এগিয়ে নেন কাই হাভার্টজ। অ্যান্টোনি রবিনসনের দুর্দান্ত ভলিতে যুক্তরাষ্ট্র সমতায় ফিরলেও, ৫৭তম মিনিটে লেরয় সানের বুলেট গতির শটে জয় নিশ্চিত করে জার্মানি। এ নিয়ে টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড ধরে রাখলো জার্মানরা।

ট্যাম্পার প্রচণ্ড গরমে হ্যারি কেইনের প্রথমার্ধের একমাত্র হেডে নিউজিল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। কোচ থমাস টুখেল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পুরো স্কোয়াড ঘুরিয়ে ফিরিয়ে ২২ জন খেলোয়াড়কে মাঠে নামান। অন্য ম্যাচে চিলির বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে পর্তুগাল। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে রাফায়েল লিয়াও লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় পর্তুগাল। দলের হয়ে গোল করেন গনসালো গুয়েদেস ও ব্রুনো ফার্নান্দেজ।

এছাড়া তিউনিসিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। চোট কাটিয়ে মাঠে ফিরে অ্যাসিস্ট করেন রোমেলু লুকাকু। অন্য ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ড। সুইজারল্যান্ড-অস্ট্রেলিয়া এবং বসনিয়া-পানামা ম্যাচ দুটি ১-১ ড্রয়ে শেষ হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন