পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া যাচ্ছেন আজ

পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া যাচ্ছেন আজ

ফন্ট সাইজ:

রাশিয়া যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (ইউএনজিএ) সভাপতি ড. খলিলুর রহমান। সূত্রের তথ্যমতে, আজ সকাল ১০টায় তিনদিনের রাষ্ট্রীয় সফরে মস্কোর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। মস্কো সফরে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইউএনজিএ’র সভাপতি নির্বাচিত হওয়ার পর এটাই ড. খলিলের প্রথম বিদেশ সফর। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, জ্বালানি, বাণিজ্য এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরের দ্বিতীয়দিন ড. খলিলের রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছে সূত্র। এছাড়া রুশ সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন প্রতিনিধির সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। এ সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ছাড়াও জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন এবং আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এবারের সফরে অবকাঠামো প্রকল্প নিয়ে মস্কোর সঙ্গে বিস্তারিত আলাপ করতে পারে ঢাকা।

এ ছাড়া সামগ্রিকভাবে দুই দেশের মধ্যে জ্বালানি ও অর্থনীতি, বাণিজ্য সমপ্রসারণের বিষয়ে সহযোগিতা রয়েছে। প্রসঙ্গত, সাত বছর পর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম মস্কো সফর। ২০১৯ সালের এপ্রিলে দ্বিপক্ষীয় সফরে রাশিয়ায় গিয়েছিলেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এরপর ২০২৩ সালে ঢাকা সফরে এসেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন