সারা দেশে সড়কে থামছে না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একাধিক। কুড়িগ্রাম, কুমিল্লা, বরগুনা, নেত্রকোণা, গাইবান্ধা, চট্টগ্রাম, নাটোর, জামালপুর, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, বগুড়া এবং সুনামগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছে। বিশেষ করে অতিরিক্ত গতি, অসতর্ক চালনা এবং ট্রাফিক বিধি অমান্যের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে জানান, কুড়িগ্রামের রাজারহাটে মাছবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা। জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাবা-ছেলে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি মাছবাহী পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, গুরুতর আহত সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী মদিনা বাসের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া আল আমিন ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরুড়া উপজেলার মহিশাইর গ্রামের মাওলানা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সানাউল্লাহ (২৫) ও অপর যুবক তার দোকানের কর্মচারী। নিহতের মামা মাজহারুল ইসলাম জানান, আমার ভাগনে দোকানের কর্মচারীকে নিয়ে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম থেকে বরুড়া যাওয়ার পথে যাত্রীবাহী বাসের পেছনে সজোরে ধাক্কা দেন। এ সময় ঘটনাস্থলেই দু’জন নিহত হন। চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার এসআই চন্দন সাহা বলেন, আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাইয়ের। এ ঘটনায় আরও একজন কিশোর গুরুতর আহত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের মধু হাওলাদারের ছেলে মো. সজীব (২৫) এবং তার শ্যালক সাইফুল ইসলাম (১৬)। আহত আছাদুল ইসলাম (১৪) সাইফুলের ছোট ভাই। সে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, সজীব মোটরসাইকেলে দুই শ্যালককে নিয়ে পটুয়াখালী থেকে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শাখারিয়া বাসস্ট্যান্ড অতিক্রম করার কিছুক্ষণ পর কুয়াকাটা থেকে ছেড়ে আসা সম্রাট পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সজীব নিহত হন। গুরুতর আহত অবস্থায় সাইফুল ও আছাদুলকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের মৃত্যু হয়। আমতলী থানার ওসি আবু শাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ বলেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও তার সহকারী পালিয়ে যান। তদন্ত চলছে।
নেত্রকোণা সংবাদদাতা জানান, নেত্রকোণা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আলবার খান সামি (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলবার নেত্রকোণা পৌর শহরের চকপাড়া এলাকার বাসিন্দা ও জেলা বিএনপি’র সাবেক সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চলের বড় ছেলে। জানা যায়, গভীর রাতে মোটরসাইকেলযোগে বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নেত্রকোণা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্যাটারিচালিত একটি চলন্ত অটোভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক জয়নাল মিয়া (৬০) নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কিশামত হামিদ (পশ্চিমপাড়া) গ্রামের মৃত ওসমান মিয়ার ছেলে। স্বজনরা জানায়, জয়নাল গত ২৯শে মে রাত সাড়ে ৮টার দিকে নলডাঙ্গা-রংপুর সড়কে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এ সময় বাড়ির পাশে কিশামত হামিদ এলাকায় ভ্যানের পেছনে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে জয়নাল মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মজিবুল হক (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবুল হক উপজেলার ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা গ্রামের বাসিন্দা এবং আব্দুল হকের ছেলে। জানা যায়, শনিবার বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়েছিলেন মজিবুল। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় মুক্তার হোসেন (৫২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার গন্ডবিল গ্রামের মৃত আলিম আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লালপুর-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-উপজেলার উধনপাড়া গ্রামের মশিউর রহমান মূসা হকের ছেলে সুমন হক (৩৫), আট্টিকা গ্রামের মৃত সাইদুল ইসলামের স্ত্রী ঝর্ণা বেগম (৪৩), পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর গ্রামের মৃত বেলায়েতের ছেলে মো. সুমন আলী (৪৫)। জানা যায়, কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে রাজশাহীগামী একটি প্রাইভেটকার উধনপাড়া মসজিদ সংলগ্ন স্থানে ব্যাটারিচালিত একটি ভ্যানকে অতিক্রম করার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এতে ভ্যানচালক মুক্তার হোসেন, ভ্যানের যাত্রী সুমন হক, ঝর্ণা বেগম ও পথচারী সুমন আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত মুক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. শাহাদাত হোসেন সাধু। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পলাশ মানবজমিনকে বলেন, প্রাইভেট কার জব্দ ও চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। শনিবার সকাল ৬টা ৪৩ মিনিটের দিকে দেওয়ানগঞ্জ সুগার মিলসংলগ্ন গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ২৭ বছর। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত ও অন্যান্য আইনগত প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। জামালপুর রেলওয়ে থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপভ্যান চালক লোকমান মিয়ার মৃত্যু হয়েছে। শনিবার ভোর প্রায় ৫টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলের সাতগাঁও চৌমুহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান মিয়া (২২) শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লালবাগ এলাকার শাহ আলমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে সিলেটগামী উদার পরিবহনের একটি বাস সাতগাঁও এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন লোকমান। এ বিষয়ে হাইওয়ে থানার ওসি মামুন আহমেদ বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় শিমু আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল সকালে সদর উপজেলার কালিবাজার থেকে বাবার বাড়িতে যাওয়ার সময় এ দুর্ঘটনায় মারা যান তিনি। শিমু উত্তর হামছাদি ইউনিয়নের পশ্চিম হাসন্দি গ্রামের কোতোয়াল বাড়ির খায়ের উল্লার মেয়ে। তার ২ ছেলে রয়েছে। জানা যায়, শিমু বাবার বাড়ি থেকে কালিবাজারে যান। সেখান থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে বাসুবাজার নামক এলাকায় অটোরিকশার সঙ্গে পিআপের সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা শাহজালাল জানান, হসপিটালে আনার আগেই তার মৃত্যু হয়।
ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার ধুনট উপজেলায় সেতু পারাপারের সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যান উল্টে পুকুরে পড়ে চালক শুকুর আলী (৭২) নিহত হয়েছেন। শনিবার দুপুরে ভাণ্ডারবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী গোসাইবাড়ি ইউনিয়নের চরনাটাবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে। জানা যায়, শনিবার সকালে কাজিপুর উপজেলার হরিনাথপুর বাজার থেকে দু’টি স্টিলের দরজা অটোভ্যানে নিয়ে ধুনট উপজেলার মরিচতলা গ্রামের উদ্দেশ্যে রওনা দেন শুকুর আলী। পথিমধ্যে নারায়ণপুর গ্রামের জাহাঙ্গীর আলম মুন্সীর বাড়ির সামনে সরু সেতু পারাপারের সময় অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের দিরাইয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ইটভাটার এক ম্যানেজার নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে দিরাই পৌরসভার সুজানগর এলাকায় দিরাই-মদনপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাসিন্দা এবং মৃত রাজ্জাক মিয়ার ছেলে। জানা যায়, ট্রাকে করে দিরাই পৌর শহরে ইট সরবরাহ শেষে ভাটায় ফিরছিলেন আনোয়ার হোসেন। পথে সুজানগর এলাকায় পৌঁছালে নাম্বার প্লেটবিহীন ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনের অংশ কেটে আনোয়ার হোসেনকে উদ্ধার করেন। পরে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
