নেত্রকোণা সাংবাদিক ফোরামের সভাপতির ওপর হামলা

ফন্ট সাইজ:

নেত্রকোণা জেলা শাখার জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক সারাবেলা পত্রিকার জেলা প্রতিনিধি সারোয়ার পারভেজ বাবুর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলার সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার আনুমানিক বিকাল ৪টার দিকে নেত্রকোণা পৌর শহরের কাটলী এলাকায় সাংবাদিকের নিজ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে বলে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নেতাকর্মীরা অভিযোগ করেছেন। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, একই এলাকার শাওন ও সৈকত নামে দুইজন তাদের সহযোগীদের নিয়ে সংঘবদ্ধভাবে বাবুর বাসভবনে এসে অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, একজন সাংবাদিক সংগঠনের জেলা সভাপতির ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। নেতৃবৃন্দরা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে জেলার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এ ছাড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সাংবাদিক সমাজের প্রত্যাশা, এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন