সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এড. নিতাই রায় চৌধুরী বলেছেন, চারিদিকে লাগাতার এত পরিমাণে কাজ হচ্ছে যে, আগামী এক বছর পরে নতুন করে বরাদ্দ দেয়ার মতো কোনো জায়গাই খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। গত শুক্রবার মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের আমলে এই জনপদে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হচ্ছে, তাতে আগামী এক বছরের মধ্যে মহম্মদপুরের চেহারা বদলে যাবে বলে জানান তিনি।
মাগুরা-২ আসনের এই সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী তার বক্তব্যে মহম্মদপুরের জন্য একটি বড় সুখবর দিয়ে বলেন, মধুমতী নদীর তীরে নির্দিষ্ট জায়গায় একটি উন্নতমানের রিসিভারসহ প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ‘ডিসি পার্ক’ নির্মাণ করা হবে। উন্নয়ন কাজের গুণগত মান বজায় রাখার বিষয়ে স্থানীয় প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, আপনাদের কাজ আপনাদেরকেই সঠিকভাবে বুঝে নিতে হবে।
আমার এই অঞ্চলে কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি বা ধান্দাবাজি চলবে না। সরকারি বরাদ্দের একটা টাকাও মেরে খাওয়ার সুযোগ কাউকে দেয়া হবে না। এই বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং অফিসার ইনচার্জকে (ওসি) সর্বক্ষণিক তদারকি ও কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন। মতবিনিময় সভা শেষে মন্ত্রী মহোদয় উপজেলা চত্বরে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
