নবীগঞ্জে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সহোদর আব্দুল হান্নান চৌধুরীর বড় ছেলে মাহফুজুর রহমান চৌধুরী রোমেলের জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। গতকাল বিকাল ৩টায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম মসজিদ প্রাঙ্গণে যুক্তরাজ্য প্রবাসী রোমেল চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়। গত ২রা মে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। মরহুমের লাশ যুক্তরাজ্য থেকে বহন করে নিয়ে আসেন ফুপাতো ভাই বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশিদ আখঞ্জী।
জানাজায় অংশগ্রহণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমদ ইকবাল, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ ছাবির আহমদ চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আশরাফ আলী, মরহুমের মামা ও গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খয়ের গোলাপ, দেবপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এম এ বাছিত, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী, সাংবাদিক আব্দুল মুহিতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুলসংখ্যক মুসল্লি।
উল্লেখ্য, মাহফুজুর রহমান চৌধুরী রোমেল বিগত ২০১৬ সালে যুক্তরাজ্যে গমন করেন। তার অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
