রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে থাকা ঘুঘু পাখির বাচ্চা নামিয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ। রাজপাড়া থানা পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশের একটি বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় কিশোরটি। নিহত কিশোর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাজুর ছেলে।
তবে বর্তমানে তারা রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার বন্ধ গেইট মসজিদের পেছনের একটি ভাড়া বাসায় বসবাস করেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে তারা এ বিষয়ে একটি ফোনকল পায়। প্রাথমিকভাবে জানা গেছে, তেরোখাদিয়া স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে থাকা ঘুঘু পাখির বাসা থেকে বাচ্চা নামিয়ে আনার সময় শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ পাশের একটি বাড়ির টিন ও বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এ বিষয়ে রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
