কুমিল্লার চৌদ্দগ্রামে গরুর ঘাস কেটে পুকুরের পানিতে ধোয়ার জন্য নেমে মৃত্যু হয়েছে মৃগী রোগে আক্রান্ত মোহাম্মদ তারেক নামে এক যুবকের। উপজেলার উজিরপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের প্রতিবেশী মোহাম্মদ আবদুল মহিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উজিরপুর ইউনিয়নের পূর্ব-কাশিপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ লিটন মিয়ার বড় ছেলে মোহাম্মদ তারেক মৃগী রোগে আক্রান্ত ছিল। প্রতিদিনের ন্যায় শনিবার গরুর ঘাস কেটে বাড়ির পাশের পুকুরের পানিতে ধোয়ার জন্য নামে। কিছুক্ষণ পর পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। বাদ আসর পূর্ব-কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
নিহতের প্রতিবেশী মোহাম্মদ আবদুল মহিন বলেন, প্রতিদিনের মতো শনিবার দুপুরে সে বাড়ির পাশের পুকুরে ঘাস ধোয়ার জন্য নামে। কিছুক্ষণ পরই আশ-পাশের লোকজন তাকে পানিতে মৃত অবস্থায় দেখতে পায়।
