আশুলিয়ায় হানিট্র্যাপের তিন সদস্য গ্রেপ্তার

আশুলিয়ায় হানিট্র্যাপের তিন সদস্য গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান? পরিচালনা করে হানিট্র্যাপে ফেলে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘটনাস্থল থেকে হানিট্র্যাপের শিকার এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর গ্রামের মৃত আ. রহমানের মেয়ে মোসা. পায়েল বেগম (৩৫), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার ঠোলনারপাড় গ্রামের মৃত আশরাফ আলী মিয়ার ছেলে মো. ফরিদ আলী মিয়া (৪৫) ও নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার চৈতা গ্রামের মৃত কুদরত আলীর ছেলে মো. আবুল কালাম (৪০)। ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলামের নেতৃত্বে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান চালিয়ে হানি ট্র্যাপের মাধ্যমে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে ভিকটিম মো. মোশারফ (১৮) কে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের দুপুরে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন