বাহুবলে বিরল প্রজাতির মায়া হরিণ শাবক আটকের দায়ে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় আটককৃত হরিণটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হরিণটির গায়ে গুরুতর জখম ছিল। মৃত হরিণটিকে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। জানা যায়, বাহুবল উপজেলা সদর ইউনিয়নের রামপুর গ্রামের হিফজুর রহমান গত শুক্রবার একটি বিরল প্রজাতির মায়া হরিণ শাবক নিকটবর্তী চা বাগান থেকে আটক করেন।
খবর পেয়ে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়ের নেতৃত্বে উক্ত হরণ শাবকটিকে উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে হরিণ আটকের দায়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বাধীন মোবাইল কোর্ট মো. হিফজুর রহমানকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী, ২৫ হাজার টাকা জরিমানা করেন।
সংশ্লিষ্টরা জানান, বনাঞ্চলে খাদ্য সংকটের কারণে হরিণ শাবকটি লোকালয়ের কাছে চলে আসে। এ সময় হরিণ শাবকটিকে আটক করা হয়। আটকের সময় হরিণ শাবকটি মারাত্মকভাবে আহত হয়।
