ফরিদপুরের বোয়ালমারীতে আম খাওয়ার লোভ দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ধর্ষকের নাম ফয়জুল্লাহ মোল্যা (৩২)। সে উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনি গ্রামের সোলেমান মোল্যার ছেলে এবং তিন সন্তানের জনক।
জানা যায়, গত শুক্রবার বেলা ১২টার দিকে ফয়জুল্লাহর প্রতিবেশী বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে আম খাওয়ার লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকার শুনে মেয়েটিকে উদ্ধার করে প্রতিবেশী। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ফয়জুল। পরে স্থানীয়রা তাকে একটি বাড়িতে আটকে রাখে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেয়েটির পিতা জানান, আমি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ও তার মা বিভিন্ন বাড়িতে কাজ করে। এ সুযোগে দীর্ঘদিন ধরে আমার মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল ফয়জুল। আমি ও আমার স্ত্রী বাড়িতে না থাকায় গত শুক্রবার দুপুরে আমার মেয়েটিকে আম খাওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। আমরা এর উপযুক্ত বিচার চাই।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
