মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, হামে শিশু মৃত্যুর দায়ে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার, জ্বালানি তেল ও বিদ্যুৎ-এর বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে রংপুরে মানববন্ধন হয়েছে। শনিবার প্রেস ক্লাব চত্বরে শ্রমিক অধিকার আন্দোলনের সভাপতি এড. পলাশ কান্তি নাগের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য আবদুল জব্বার, নিপীড়ন বিরোধী নারী মঞ্চের সদস্য সুলতানা আক্তারসহ অন্যরা।
বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ক্ষমতা হস্তান্তরের তিনদিন আগে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এখতিয়ার বহির্ভূতভাবে আমেরিকার সঙ্গে অধীনতামূলক গোলামির বাণিজ্য চুক্তি করেছে। এ বিষয়ে সংসদে সরকারি দল কিংবা বিরোধী দল কেউ কোনো কথা বলছে না।
এই চুক্তি বাংলাদেশকে দীর্ঘ সময়ের জন্য আমেরিকার জালে বন্দি করার নামান্তর। দেশের অর্থনীতি, সামরিক ও ভূ-রাজনৈতিক নিরাপত্তাকে বিঘ্নিত করে কোনো স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের এমন চুক্তির নজির নেই। তারা আরও বলেন, তৎকালীন ইউনূস সরকারের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে সময়মতো হামের টিকা না দেয়ায় এখন পর্যন্ত ৬ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূস ও নুরজাহান বেগম এই শিশুদের মৃত্যুর জন্য দায়ী। অবিলম্বে শিশু মৃত্যুর দায়ে ড. মুহাম্মদ ইউনূস ও নুরজাহান বেগমের বিচার করতে হবে। বক্তারা বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার মুখে সবার আগে বাংলাদেশের কথা বললেও কার্যত জনগণের স্বার্থের বিপরীতে অবস্থান নিয়ে দেশ পরিচালনা করছে। এ সময় গণতান্ত্রিক অধিকার আদায়ে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।
