ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন নেত্রকোণা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। শনিবার কলেজের ইন্টার্ন চিকিৎসকদের ব্যানারে এই কর্মসূচি পালন করে। এ সময় তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক গৃহীত সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের প্রতিবাদ এবং চিকিৎসকদের ওপর আরোপিত বৈষম্য নিরসনের দাবিতে দেশব্যাপী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে নেত্রকোণা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সব ইন্টার্ন চিকিৎসক ৬ই জুন থেকে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইন্টার্ন চিকিৎসকদের ভাষ্য, দেশের স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান অংশীদার হওয়া সত্ত্বেও চিকিৎসকেরা দীর্ঘদিন ধরে বৈষম্য, অবহেলা ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন।
পেশাগত মর্যাদা রক্ষা, ন্যায্য অধিকার আদায় এবং স্বাস্থ্য ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, এমবিবিএস ট্রেইনি-সংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৯শে মে ২০২৬ তারিখের সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করা।
এ ছাড়া ইন্টার্ন চিকিৎসকদের মাসিক বেতন ৩০ হাজার টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন ৫০ হাজার টাকায় উন্নীত করা, বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন, বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে স্বতন্ত্র আইনে রূপান্তর এবং অবৈধভাবে চিকিৎসক পরিচয়দানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে। পাশাপাশি বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সব ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়। ইন্টার্ন চিকিৎসকেরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত দাবিগুলো মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
