বাগেরহাটের শরণখোলার গাবতলা বাজারে গভীর রাতে আগুনে পাঁচ দোকান ভস্মীভূত হয়েছে। গতকাল দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সাউথখালী গ্রামের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাজারের দোকানদারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাবতলা বাজারে প্রায় ১৫/২০টি দোকান রয়েছে।
গভীর রাতে দোকানের পেছনে থাকা বাড়ির মানুষ হঠাৎ আগুন দেখে চিৎকার শুরু করে। পরে আশপাশের মানুষজন বেরিয়ে নয়ন শেখের দোকান দাউদাউ করে আগুন জ্বলতে দেখে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের শরণখোলা স্টেশনে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, এ আগুনে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার বলেন, আগুন লাগার বিষয়টি তিনি শুনেছেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা যাতে সরকারের আর্থিক সহযোগিতা পায়, এজন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবেন।
