চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় জমি সংক্রান্ত বিরোধ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি’র দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার রাত ১১টার দিকে খুলশী থানার লেকভ্যালি আবাসিক এলাকা, হিলভিউ ও ফয়েজ লেক সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিরোধপূর্ণ একটি জমিতে সীমানা প্রাচীর নির্মাণ ও তা ভাঙাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাতে ওই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনা চলে। স্থানীয় সূত্রে জানা গেছে, লেকভ্যালি আবাসিক এলাকার একটি সরকারি খাস জমির নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে যুবদল নেতা ওয়াকিল হোসেন ওরফে বগা গ্রুপ এবং স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এরই জেরে শুক্রবার রাতের সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে খুলশী থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, ফয়েজ লেক ও আশপাশের কিছু বিরোধপূর্ণ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এর জের ধরে খুলশী ও আকবর শাহ এলাকার লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। সরকারি জমি দখল ও শান্তিশৃঙ্খলা ভঙ্গের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
