‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
এতে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল, কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ প্রমুখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
শোভাযাত্রায় ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’, ‘তিনদিনে একদিন, জমা পানি ফেলে দিন’, ‘আতঙ্ক নয় সচেতনতা, ডেঙ্গু নয় সুস্থতা’ ইত্যাদি স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড বহন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, কিশোরগঞ্জ জেলার পৌরসভাগুলোসহ সব উপজেলায় ইউএনওদের নেতৃত্বে ডেঙ্গু সচেতনতায় কাজ করা হচ্ছে এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।
জনস্বার্থে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
