বন্ধুর ছুরিকাঘাতে প্রবাসী বন্ধু খুন

বন্ধুর ছুরিকাঘাতে প্রবাসী বন্ধু খুন

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। তিনি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। অভিযুক্ত ঘাতক সাব্বির হোসেন একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার এশার নামাজের সময়। স্থানীয় একটি সেলুনে এক যুবককে মারধর করার ঘটনা ঘটে, যার তীব্র প্রতিবাদ করেছিলেন আনোয়ার।

এই প্রতিবাদকে কেন্দ্র করে বন্ধু সাব্বিরের সঙ্গে আনোয়ারের প্রচণ্ড কথাকাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরেই শুক্রবার রাতে কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় আনোয়ারকে একটি চলন্ত অটোরিকশা থেকে জোরপূর্বক নামানো হয়। এরপরই ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালানো হয়। পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মেশকাতুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সৌদি আরব প্রবাসী ছিল। আমি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক ও সুষ্ঠু বিচার চাই। কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা ও বাকবিতণ্ডার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে ইতিমধ্যে বিশেষ অভিযান শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন