গত ১৪ই মে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। তিনি যোগদানও করেছিলেন। কিন্তু ২৩ দিনের মাথায় তাকে অব্যাহতি দিয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়টিতে নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মো. আমির হোসেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও প্রেসিডন্টে নতুন ভিসি নিয়োগ দিয়েছেন। এ নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে প্রেসিডেন্ট যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। একই দিনে আরেক প্রজ্ঞাপনে প্রফেসর ড. অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে ভিসি পদ থেকে অব্যাহতি দিয়ে মূল পদে যোগদানের অনুমতি দেয়া হয়েছে।
এছাড়াও আরেক প্রজ্ঞাপনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন এবং আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিনকে। পৃথক আরেক প্রজ্ঞাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) পদ থেকে ড. এম মাহফুজুর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে।
