চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুরুল আলম মঞ্জুরসহ ২৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার রাতে ফটিকছড়ি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন থানার এসআই মো. জামাল হোসেন। এ ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল এলাকার শামসুল আলমের ছেলে মো. জামান বাবু (২৩) ও একই এলাকার তৌহিদুল আলম মিয়ার ছেলে সাইফুল ইসলাম সজিব (২৫) ও পাইন্দং এলাকার মিনহাজ।
মামলার এজাহারে প্রধান হুকুমদাতা ও পৃষ্ঠপোষক হিসেবে সাবেক মেয়র মঞ্জুরুল আলম মঞ্জুর এবং সাবেক ফটিকছড়ি আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিকে অভিযুক্ত করা হয়েছে। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বখতিয়ার সাঈদ ইরান, সাবরিনা চৌধুরী, জসিম উদ্দিন মুহুরী, ফোরকান উদ্দিন বাচ্চু ও মো. জসিমসহ আরও অনেকে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুন সকাল সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি থানার একটি টহল দল খবর পায় যে, উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আজিমনগর এলাকায় নাজিরহাট-মাইজভাণ্ডার সড়কে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মশালসহ একটি মিছিল বের করেছে। অভিযোগ রয়েছে, মিছিলটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থনে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছিল।
ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভা ও মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত ৩ জনকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
