বাংলাদেশের তৃতীয় নাকি ভারতের ষষ্ঠ

সাফে বাংলাদেশ-ভারতের ফাইনাল আজ

বাংলাদেশের তৃতীয় নাকি ভারতের ষষ্ঠ

ফন্ট সাইজ:

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে শুরুটা ভালো ছিল না চ্যাম্পিয়ন বাংলাদেশের। মালদ্বীপের বিপক্ষে জিতলেও আফঈদা-মারিয়াদের ফুটবল মন ভরাতে পারেনি সমর্থকদের। যে ক্ষত গিয়ে লেগেছিল দ্বিতীয় ম্যাচেও। ভারতের বিপক্ষে ওই ম্যাচে ৩-০ গোলে হেরে সমালোচনায় বিদ্ধ হয়েছিল মেয়েরা। কোচ পিটার বাটলারও সমালোচনা করেন সিনিয়র কিছু ফুটবলারের। এই সমালোচনায়ই পরের ম্যাচে শক্তিতে পরিণত করে নেপালকে হারিয়ে আরও একটি ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আজ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষেই সেই ফাইনাল। গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যা ৭টার এই ফাইনালে ভারতকে হারাতে পারলেই টানা তৃতীয় শিরোপা জিতবে বাংলাদেশ।

আগের দুই ফাইনালে নেপালকে হারিয়েছিল মেয়েরা। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় রেকর্ড পাঁচ ট্রফির সবশেষটি ভারত জিতেছিল ২০১৯ সালে। ভারতের আধিপত্য গুঁড়িয়ে ২০২২ সালে প্রথম শিরোপা জিতে বাংলাদেশ। সেবার গ্রুপ পর্বে ভারতকে ৩-০ গোলে হারিয়েছিল আফঈদা-মনিকারা। ২০২৪ সালে সেই মুকুট ধরে রাখতে বাধা হতে পারেনি ভারত। সেমিফাইনালে সাফের সর্বাধিক পাঁচ বারের চ্যাম্পিয়ন দলটিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছিল লাল-সবুজের প্রতনিধিরা।

সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশের সামনে এবার টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের হাতছানি। অধিনায়ক মারিয়া মান্দা জানেন, এমন সুযোগ আসবে না বারবার। তাই সামর্থ্যের সবটা দিয়ে ভারতের বিপক্ষে লড়তে চান তিনি ও তার দল। যদিও এবার গ্রুপ পর্বের দেখায় সাফে বাংলাদেশের ১০ ম্যাচের অজেয় যাত্রার ইতি টেনেছে ভারত। ৩-০ গোলে মারিয়া-আফঈদাদের উড়িয়ে মানসিকভাবেও এগিয়ে তারা।

চলতি আসরে এখন পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখেছে দলটি। প্রতিপক্ষের জালে গোল করেছে ১৫টি। প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের অক্ষত জাল ছিঁড়তে আক্রমণভাগ নিয়ে ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে গতকাল আলাদা অনুশীলন করেছেন বাটলার। কেননা, দুই উইংয়ে ঋতুপর্ণা ও শামসুন্নাহার জুনিয়রকে রেখে মূল ফরোয়ার্ড হিসেবে আনিকাকে খেলানোর ছক এখনও কাজ করেনি শতভাগ। যে কারণে এই ম্যাচে গত আসরের সেরা গোলদাতা তহুরা খাতুনকে খেলাতে পারেননি এই বৃটিশ কোচ।

যদিও এবার তিন ম্যাচে তিনটি বদলী হিসেবে নেমে কোন গোলের দেখা পাননি তহুরা। তহুরার গোল না পাওয়ার কারণগুলোর মধ্যে একটি, খেলার সময়ই তিনি পাচ্ছেন কম। খেলতে পেরেছেন ৩১, ১৩ ও ৫০ যোগে মোট ৯৪ মিনিট। তবে ফাইনালের আগে কারা খেললো কারা খেলতে পারলো না এসব আমলে তিন চান না দলটির অধিনায়ক মারিয়া মান্দা। তার মতে যারা দলের সবাই একাদশের জন্য উপযুক্ত, সবাই দেশের জন্য খেলবে।’ নেপালকে সেমি-ফাইনালে হারিয়ে নানা প্রতিকূলতায় বিপর্যস্ত বাংলাদেশ অবশ্য গুছিয়ে নিয়েছে অনেকটা।

সংবাদ সম্মেলনে মারিয়ার কণ্ঠে তাই প্রতিপক্ষের প্রতি সমীহ থাকলেও, নিজ দল নিয়ে আত্মবিশ্বাসী মারিয়া বলেন,‘আমরা জানি, ভারত
অনেক শক্তিশালী, তো আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আগের ম্যাচগুলোতে যে ভুলগুলো করেছি, আজকের দিনটা ছিল সেগুলো শুধরে নেওয়ার। আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি, আমরা লড়াই করবো। অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে খুব (রোমাঞ্চ কাজ করছে) মনের ভিতরে; কেননা, শিরোপা জয়ের সুযোগ পেয়েছি আবার।’ টানা তৃতীয়বারের মতো সাফের ট্রফি জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। এমন সুযোগ বারবার আসেনা জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বিগত দিনে, আমরা দুইটা সাফ জিতেছি; তৃতীয়বারের মতো সুযোগ এসেছে।

সবসময় তো আর এমন সুযোগ থাকে না। সুযোগটা পেয়েছি, এটা কাজে লাগানোর জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করে এসেছি, পরিশ্রম করে এসেছি। তো অবশ্যই ফাইনালে আমরা যেন দেশবাসীকে কিছু দিতে পারি, ভালো খেলা উপহার দিতে পারি, সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা লড়াই করবো।’ ১০ বছর আগে ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২০১৬ সালে শিলংয়ে বাংলাদেশকে ৩-১ হারায় ভারত। গ্রুপ পর্বে বাংলাদেশকে তিন গোলে হারালেও ফাইনাল ভিন্ন হবে বলে জানিয়েছেন ভারতের কোচ ক্রিস্পন ছেত্রী। তার মতে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা নিজেদের প্রমাণ করেছে। তাই ফাইনাল হবে ৫০-৫০’।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন