মরিনহোকে পেতে শর্তের মুখে রিয়াল মাদ্রিদ

মরিনহোকে পেতে শর্তের মুখে রিয়াল মাদ্রিদ

ফন্ট সাইজ:

হোসে মরিনহো রিয়াল মাদ্রিদের নতুন কোচ হয়ে ফিরছেন- এ গুঞ্জন বিভিন্ন সংবাদমাধ্যমে আগেই এসেছে। তবে ক্লাবটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। লস ব্ল্যাঙ্কোসদের সভাপতি নির্বাচনে ফ্লোরেন্তিনো পেরেজ পুনরায় বিজয়ী হলে এই ঘোষণা আসতে পারে। তবে পর্তুগিজ মাস্টারমাইন্ডকে সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরাতে শর্ত জুড়ে দিয়েছে মরিনহোর বর্তমান ক্লাব বেনফিকা। শর্ত অনুযায়ী মরিনহোর ১৫ মিলিয়ন ইউরো (রিলিজ ক্লজ) পরিশোধ করতে হবে রিয়াল মাদ্রিদকে। বৃহস্পতিবার পর্তুগালের আর্থিক নিয়ন্ত্রক সংস্থার (সিএমভিএম) কাছে দেয়া এক অফিসিয়াল বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে বেনফিকা।

বিবৃতিতে বেনফিকা জানায়, ‘রিয়াল মাদ্রিদের সভাপতি পদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফ্লোরেন্তিনো পেরেজ দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছেন। ৭ই জুনের নির্বাচনে তিনি জয়ী হলে হোসে মরিনিয়োকে ক্লাবের কোচ হিসেবে নিয়োগ দেবেন। এটি বাস্তবায়িত হলে, মরিনহোর বর্তমান চুক্তির রিলিজ ক্লজ বাবদ ১৫ মিলিয়ন ইউরো রিয়ালকে পরিশোধ করতে হবে।’

টানা দুই মৌসুম কোনো বড় ট্রফি না জিতে কাটানো রিয়াল মাদ্রিদকে আবার চেনা ছন্দে ফেরাতে মরিনহোকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছে পেরেজের নির্বাচনী ক্যাম্প। এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সফলভাবে রিয়ালের ডাগআউট সামলেছিলেন ৬৩ বছর বয়সী এই অভিজ্ঞ পর্তুগিজ কোচ। বর্তমানে বেনফিকার সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে তার। রোববারের এই নির্বাচনে পেরেজের বিপক্ষে লড়ছেন তরুণ ব্যবসায়ী এনরিকে রিকেলমে। ২০০৬ সালের পর এই প্রথম রিয়াল মাদ্রিদের সাধারণ সদস্যরা ভোটের মাধ্যমে তাদের সভাপতি বেছে নেয়ার সুযোগ পাচ্ছেন।

রিকেলমে এখনো তার পছন্দের কোচের নাম ঘোষণা করেননি। তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে ক্লাব কিংবদন্তি রাউল গঞ্জালেস এবং ফার্নান্দো হিয়েরোকে রিয়ালের একাডেমির ডিরেক্টর বানাবেন। একই সঙ্গে ম্যানচেস্টার সিটি থেকে আর্লিং হালান্দ এবং রদ্রিকে রিয়ালে উড়িয়ে আনার মতো বড় নির্বাচনী চমকও দিয়ে রেখেছেন এই তরুণ ব্যবসায়ী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন