ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে বাংলাদেশের মেয়েদের শুরুটা ছিল হতাশাজনক। তবে শেষ দুই ম্যাচে ব্যাক-টু-ব্যাক জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিগার সুলতানা জ্যোতির দল। বৃহস্পতিবার রাতে এডিনবার্গের দ্য গ্রেঞ্জ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৩ রানে হারায় বাংলাদেশ। এ ম্যাচের নায়ক ওপেনার দিলারা আক্তার দোলা। তার ব্যাট থেকে এসেছে দেশের নারী টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম ফিফটি। আগের দুই ম্যাচ জিতে স্বাগতিক স্কটল্যান্ড আগেই ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিশ্চিত করায় এই ম্যাচটি ছিল বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুত হওয়ার মঞ্চ। তবে ম্যাচটিতে বাগড়া দেয় বৃষ্টি। নির্ধারিত সময়ের অনেক পরে খেলা শুরু হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ইনিংসপ্রতি মাত্র ৮ ওভার নির্ধারণ করা হয়।
শুরু থেকেই ডাচ বোলারদের ওপর তাণ্ডব চালান দিলারা আক্তার। ইনিংসের সপ্তম ওভার পর্যন্ত ক্রিজে থেকে ২৬ বলে ৫১ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন এই ডানহাতি ওপেনার। ৮টি চার ও ২টি ছক্কায় সাজানো এই ইনিংস খেলার পথেই তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়েন। মাত্র ২২ বলে অর্ধশতক স্পর্শ করেন দিলারা। এর মাধ্যমে তিনি ভেঙে দেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদের ছয় বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা রেকর্ডটি। ২০১৯ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ২৮ বলে ফিফটি করেছিলেন রুমানা। আন্তর্জাতিক ক্রিকেটে দিলারার এটিই প্রথম ফিফটি, যা একই সাথে নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের যৌথ নবম দ্রুততম ফিফটি। দিলারার এই রেকর্ড গড়া ফিফটিতে ৮ ওভারে ৩ উইকেটে ৯৮ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। জবাবে রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় নেদারল্যান্ডসও।
একপর্যায়ে ৪.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান তুলে ফেলে তারা। ঠিক সেই মুহূর্তে জোড়া আঘাত হানেন বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা। একই ওভারের চতুর্থ ও শেষ বলে দুই ডাচ ওপেনার হিথার সিজার্স ও বাবেত্তি দে লিডিকে সাজঘরে ফেরান তিনি। শেষ দুই ওভারে ডাচ মেয়েদের জয়ের সমীকরণ দাঁড়ায় ৩৯ রান। সপ্তম ওভারে ২১ রান তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তুললেও শেষ ওভারে খেই হারায় তারা। রিতু মণির করা নিয়ন্ত্রিত শেষ ওভারে মাত্র ৪ রান তুলতে পারে নেদারল্যান্ডস, বিপরীতে হারায় ৩টি উইকেট। শেষ পর্যন্ত ৫ উইকেটে ৮৫ রানে থামে ডাচদের ইনিংস। ম্যাচজয়ী ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জেতেন দিলারা আক্তার।
এই জয়ের ফলে ত্রিদেশীয় সিরিজে রানার্সআপ হয়ে শেষ করলো বাংলাদেশ। আগামী ১২ই জুন থেকে শুরু হতে যাওয়া আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি অফিশিয়াল ওয়ার্মআপ ম্যাচ খেলবে টাইগ্রেসরা। আগামী ১৪ই জুন এই নেদারল্যান্ডসের বিপক্ষেই ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।
