বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশের যে অনিশ্চয়তা ছিল, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর কল্যাণে সেটা কেটে গিয়েছিল আগেই। গতকাল জানা গেল বিটিভি’র সঙ্গে কানাডা আমেরিকা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ দেখা যাবে সময় টিভি ও টি-স্পোর্টসে। এর মধ্যে সময় টিভি প্রথম বারের মতো বিশ্বকাপ সম্প্রচার করবে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড, ফিফার কাছ থেকে বাংলাদেশের সম্প্রচারস্বত্ব কিনেছিল। স্থানীয়ভাবে তা বিক্রি করতে ব্যর্থ হয়ে চুক্তি থেকে সরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি।
পরবর্তীতে বিটিভি সরাসরি ফিফার সঙ্গে যোগাযোগ করে সম্প্রচারস্বত্ব কিনে নেয়। পরে বিটিভি’র মাধ্যমে সময় টিভি ও টি-স্পোর্টস বিশ্বকাপ দেখানোর সুযোগ পেতে যাচ্ছে। সময় টিভি, বিটিভি, টি-স্পোর্টসের পাশাপাশি বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। বাংলালিংকের ওটিটি সেবা টফি, গ্রামীণফোনের বায়োস্কোপে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
১১ই জুন থেকে ১৯শে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো হতে যাচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ। ৩৯ দিনের টুর্নামেন্টে ১০৪ ম্যাচ হবে ১৬ স্টেডিয়ামে। এই ১৬ স্টেডিয়ামের ১১টিই যুক্তরাষ্ট্রে। মেক্সিকো ও কানাডার তিন ও দুই ভেন্যুতে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। নিউজার্সিতে ১৯শে জুলাই হবে ফাইনাল।
