ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের নবম রাউন্ডে পারিশ্রমিক ইস্যুতে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নামেনি ব্রাদার্স ইউনিয়ন। সেই ম্যাচে ওয়াকওভারে জয় পায় অগ্রণী ব্যাংক। এটি ছাড়া বৃষ্টি বাধায় বাকি পাঁচ ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি। সেগুলোর ফল নিষ্পত্তি হবে আজ।
আবাহনী-রূপগঞ্জ ম্যাচে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা
বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয় লিজেন্ডস অব রূপগঞ্জ ও বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। আগে ব্যাট করে ৪৮.৪ ওভারে ২৭৫ রান তুলে রূপগঞ্জ। ওপেনার হাবিবুর রহমান সোহান ও তিনে নামা মাহমুদুল হাসান জয় ব্যক্তিগত শূন্য রান করে আউট হন। ১৬ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলী। পঞ্চম উইকেটে ১৩৭ রানের জুটি করেন উইকেট রক্ষক ব্যাটার ইরফান শুক্কুর ও লিটন কুমার দাস। ১১ চার ও ৪ ছক্কায় দলের হয়ে ৯৯ বলে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইরফান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার চতুর্থ সেঞ্চুরি। ৭ চারে ৪৬ বলে ৪৩ রান করেন লিটন দাস। মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৭২ রান। আবাহনীর হয়ে ৪ উইকেট নেন পেসার মোস্তাফিজুর রহমান। জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫১ রান তোলে আবাহনী। এরপর বৃষ্টি আইনে লক্ষ্য পুনর্নির্ধারণ করা হয়। আবাহনীকে আজ জিততে হলে ১৬ ওভারে করতে হবে ১১২ রান। নাজমুল হোসেন শান্ত ২৮ ও মাহিদুল ইসলাম অঙ্কন ২৬ রানে অপরাজিত আছেন।
মোহামেডানের বড় সংগ্রহ, কঠিন সমীকরণে গাজী গ্রুপ
পিকেএসপির ২ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই ওপেনার নাঈম শেখ ও এনামুল হক বিজয় উদ্বোধনী জুটিতে ১০৭ রান তোলেন। ৬০ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন নাঈম। বিজয়ের ব্যাট থেকে আসে ৬২ রান। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহীমকে নিয়ে ১৭৩ রানের জুটি গড়েন অধিনায়ক তাওহীদ হৃদয়। ৬৬ বলে ১০১ রান করেন ডানহাতি এ ব্যাটার। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে হৃদয়ের ষষ্ঠ সেঞ্চুরি। অষ্টম রাউন্ডেও সেঞ্চুরি পেয়েছিলেন মোহামেডানের অধিনায়ক। অন্যপ্রান্তে ৫৫ বলে সেঞ্চুরি করেন মুশফিক। এ ইনিংস খেলার পথে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে লিস্ট এ ত্রিকেটে ১২ হাজার রানের মাইলফলকে প্রবেশ করেন। ৫০ ওভারের সংস্করণে ৩৬২ ইনিংসে ডানহাতি এ ব্যাটার মুশফিকের এখন সেঞ্চুরির সংখ্যা ১৫টি, পাশাপাশি আছে ৭৭টি হাফ সেঞ্চুরি। বৃষ্টি আইনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের লক্ষ্য দাঁড়ায় ৪২ ওভারে ৩৩৫ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৪১ রান তোলে তারা। এরপর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। জয়ের জন্য তাদের প্রয়োজন আরো ২৯৪ রান। হাতে আছে ৮ উইকেট।
বসুন্ধরা স্ট্রাইকার্স-ঢাকা লেপার্ডস ম্যাচেও বৃষ্টির বাধা
ইউল্যাব মাঠে বসুন্ধরা স্ট্রাইকার্স ও ঢাকা লেপার্ডসের ম্যাচে মাত্র ২৭.৫ ওভার খেলা সম্ভব হয়। বসুন্ধরা ২ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করার পর বৃষ্টি নামে। সাইফ হাসান করেন ৫৪ রান, আর নুরুল হাসান সোহান খেলেন ৪০ রানের ইনিংস। সেখান থেকে আজ খেলা শুরু হবে।
গুলশানের জয়ের অপেক্ষা
সিটি ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচে প্রথমে ব্যাট করে ২০১ রানে অলআউট হয় গুলশান। দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেন শাহাদাত হোসেন সবুজ। সিটি ক্লাবের পেসার আব্দুল গাফফার সাকলাইন ৩৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। জবাবে খেলতে নেমে সিটি ক্লাব ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে মাত্র ৪২ রান। এরপর আবার বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। গুলশানকে বল হাতে লড়াইয়ে ফেরান তানভীর ও আব্দুর রহিম। দুজনই নেন ৩টি করে উইকেট।
প্রাইম ব্যাংক-রূপগঞ্জ টাইগার্স ম্যাচ
পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচে খেলা হয়েছে মাত্র ১৭ ওভার। আগে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। থালিদ হাসান ৩৭ ও শাহাদাত হোসেন দীপু ৩৬ রানে অপরাজিত আছেন।
