বিশ্বকাপ প্রস্তুতি: মূল পর্বের আগে ‘ছোট’দের বড় হুঙ্কার

বিশ্বকাপ প্রস্তুতি: মূল পর্বের আগে ‘ছোট’দের বড় হুঙ্কার

ফন্ট সাইজ:

বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি মাত্র কয়েকটা দিন। মূলমঞ্চে বল গড়ানোর আগেই যেন শুরু হয়ে গেছে আসল রোমাঞ্চ। প্রীতি ম্যাচের আড়ালে বিশ্বমঞ্চের ফেভারিটদের একের পর এক ‘হরর শো’ দেখাচ্ছে তুলনামূলক কম শক্তিশালী দলগুলো। আইভরিকোস্ট ও ইরাকের মতো দলগুলো বিশ্বকাপের আগে ইউরোপের পরাশক্তিদের স্পষ্ট বার্তা দিয়ে রাখলো- বিশ্বকাপে ছোট দলগুলোকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই।

ফ্রান্সের হার, দেশমের সতর্কবার্তা
নঁতের মাঠে বৃহস্পতিবার রাতে খেলতে নামে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপ ও ফিফা র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা ফ্রান্স। প্রতিপক্ষ আইভরিকোস্ট। ম্যাচের ৪৫তম মিনিটে ম্যানচেস্টার সিটি তারকা রায়ান চেরকির দুর্দান্ত গোলে এগিয়ে যায় ফরাসিরা। তবে দ্বিতীয়ার্ধে মাঠের চিত্র পুরোপুরি বদলে যায়। ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার দিজিরে দুয়ে যখন সাইড বেঞ্চে বসা, তখন ৫৩তম মিনিটে তারই বড় ভাই গুয়েলা দুয়ের গোলে সমতায় ফেরে আইভরিকোস্ট। এরপর ৮৪তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড আমাদ দিয়ালো বদলি হিসেবে নেমে গোল করলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আফ্রিকার দলটি।

ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে বিরতির সময়ই তুলে নেন কোচ দিদিয়ের দেশম। ম্যাচ শেষে এই অভিজ্ঞ কোচ দলের খেলায় অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘হার কখনো সুখকর নয়, সেটি প্রীতি ম্যাচই হোক না কেন। প্রথমার্ধে আমরা কিছু ভালো জিনিস করলেও দ্বিতীয়ার্ধে অনেক পরিবর্তন আনি। তবে এটি কোনো অজুহাত হতে পারে না। আমরা বিরতির পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং ওরা ম্যাচে দারুণ গতি আনে। ১৬ই জুন আমাদের ঠিক এই ধরনের (সেনেগাল) দলের মুখোমুখি হতে হবে।

এই হারটি একটি সময়োপযোগী বিষয়, যাতে খেলোয়াড়রা নিজেদের অতিরিক্ত আত্মবিশ্বাসী বা ধরাছোঁয়ার বাইরের কিছু মনে না করে।’ দলের মিডফিল্ডার অরেলিয়ে চুয়ামেনি অবশ্য এই হারকে বড় কোনো বিপর্যয় হিসেবে দেখছেন না। তিনি বলেন, ‘হারাটা দুঃখজনক, তবে আমরা এখন প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের আত্মবিশ্বাস অটুট আছে। এই ম্যাচ থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। আমরা বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবো।’ গোলদাতা রায়ান চেরকি অবশ্য কিছুটা আগ্রাসী সুরেই বলে, ‘এটি আমাদের জন্য একটি ছোট সতর্কবার্তা। আমরা ফেভারিট ভেবে বিশ্বকাপে যাচ্ছি না, তবে আমরা সবাইকে গুঁড়িয়ে দিতেই মাঠে নামবো।’

১৬ জুন নিউ ইয়র্কে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে। তার আগে আগামী সোমবার রাতে উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে দেশমের দল।

স্পেনের হোঁচট ও লা ফুয়েন্তের পরীক্ষা
এদিকে আরেক পরাশক্তি স্পেনকে ১-১ গোলে রুখে দিয়ে চমক দেখিয়েছে ১৯৮৬ সালের পর প্রথম বিশ্বকাপে সুযোগ পাওয়া ইরাক। ঘরের মাঠে ম্যাচের ষোড়শ মিনিটে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। তবে ২৭তম মিনিটে মেরচেস দোস্কির গোলে সমতায় ফেরে ইরাক। প্রথমার্ধেই তোরেসের পাঁচটি শট ইরাকের গোলপোস্টে লেগে ফিরে এলে দুর্ভাগ্য সঙ্গী হয় স্পেনের।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটিই ছিল লুইস দে লা ফুয়েন্তের দলের শেষ ম্যাচ। এই ম্যাচে দল নিয়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চালান স্পেন কোচ। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, পেদ্রি ও রদ্রিদের মতো তারকাদের বিশ্রামে রেখে মার্ক বার্নাল, জন মার্টিন, জাভি গুয়েরার মতো একঝাঁক তরুণকে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করান তিনি। ম্যাচে দুদলই তাদের প্রথম একাদশের সব খেলোয়াড় (১১ জন করে মোট ২২ জন) পরিবর্তন করে বেঞ্চের শক্তি পরীক্ষা করে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্প্যানিশ জাতীয় দলের ইতিহাসে দুই দল মিলিয়ে ৪৪ জন ফুটবলার মাঠে নামার এটি একটি নতুন রেকর্ড।

ম্যাচ শেষে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে তার তরুণদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘আজকের মূল লক্ষ্য ছিল খেলোয়াড়দের খেলার অনুভূতি ফিরিয়ে আনা এবং অন্যদের সুযোগ দেয়া। সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো দলের কেউ চোট পায়নি। যে তরুণদের অভিষেক হয়েছে, তারা সবাই এর যোগ্য ছিল এবং তারা আমাদের অনেক সাহায্য করেছে। এরা ভবিষ্যতের খেলোয়াড়। এখন আমরা আরও তীব্রতা নিয়ে নতুন পর্বে প্রবেশ করছি।’
স্পেন দল এখন তাদের বিশ্বকাপ বেস ক্যাম্প চ্যাটানুগা, টেনেসির উদ্দেশ্যে রওনা হবে। আগামী সোমবার মেক্সিকোর পুয়েবলায় পেরুর বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

এরপর ১৫ই জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্পেনের বিশ্বকাপ মিশন। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও সৌদি আরব। তবে স্প্যানিশ শিবিরে বড় দুশ্চিন্তা বার্সেলোনা ফরোয়ার্ড লামিন ইয়ামালের হ্যামস্ট্রিং চোট। কোচ দে লা ফুয়েন্তে আশা প্রকাশ করেছেন, ১৫ই জুনের আগেই হয়তো ১৮ বছর বয়সী এই তারকা ফিট হয়ে উঠবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন