আপ্লুত শবনম

আপ্লুত শবনম

ফন্ট সাইজ:

সম্প্রতি ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দু’টি বিভাগে পরিবর্তন আনা হয়েছে। সে অনুযায়ী এবার আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী শবনম। খবরটি শুনে বেশ আবেগ আপ্লুত তিনি। মানবজমিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অভিনয় জীবনের ৬০ বছর পেরিয়ে আমি। যখন চলচ্চিত্র জগৎ থেকে দূরে দাঁড়িয়ে দেখতাম আমার থেকে জুনিয়র শিল্পীরা আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন, তখন সত্যি মনটা খারাপ হতো। এটা সবার প্রতি সম্মান রেখেই বলতে চাই। বর্তমান সরকার আমার অভিমানকে যে মর্যাদা দিয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ। যাক জীবিত থাকাকালীন সম্মানটা পেলাম! এই অনুভূতি প্রকাশ করার মতো নয়।

আমি সত্যিই আবেগ আপ্লুত। সম্মানিত জুরি বোর্ডকে অসংখ্য ধন্যবাদ, তারা আমার মতো সামান্য শিল্পীকে মনে রেখেছে। এই সম্মান শুধু আমার একার নয়, চলচ্চিত্রের পরিবারের। আজ যেসব দর্শক শবনমকে দেখছেন শিল্পের পথে হাঁটতে, অভিনয় করতে- এর পেছনে আমার বাবা প্রয়াত ননী বসাকের অবদান সবচেয়ে বেশি। আর আমার স্বামী প্রখ্যাত সুরকার রবিন ঘোষেরও অনেক অবদান রয়েছে।

বাঙালি নারী হিসেবে সংসার জীবনে একবার ঢুকে পড়লে বাইরের জগৎ অনেকটাই রুদ্ধ হয়ে যায়। কিন্তু আমি সৌভাগ্যবান বিয়ের পর আমার পুরো পরিবার অভিনয় চালিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছেন। একজন হিন্দু সম্প্রদায়ের সদস্য হয়ে বাংলা ভাষাভাষী হয়েও পশ্চিম পাকিস্তানের মতো মুসলিম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কয়েক যুগ শীর্ষে অবস্থান করেছি। শুধু তাই নয়, ১১ বার নিগার পুরস্কারে সম্মানিত হয়েছি। এবার নিজ মাতৃভূমিতে সম্মানিত হলাম। আমি চির কৃতজ্ঞ।







ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন