ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান বরাবরই দর্শকদের নতুন স্বাদের সিনেমা উপহার দিতে পছন্দ করেন। তবে যখনই নতুন রূপে পর্দায় হাজির হন, তখন একদল সমালোচকও নেতিবাচক মন্তব্যের জন্য প্রস্তুত থাকেন। এবার সেসব সমালোচকদের কড়া জবাব দিয়েছেন এই মেগাস্টার। বৃহস্পতিবার সন্ধ্যায় ‘রকস্টার’ সিনেমার বিশেষ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষোভ ও আত্মবিশ্বাসের কথা তুলে ধরে শাকিব খান বলেন, আপনারা হয়তো দেখে থাকবেন কিছু বছর ধরে কারও ভালো লাগুক বা না লাগুক আমার মতো করে চেষ্টা করে যাই। যতটুকু সম্ভব বিশ্বমানের সিনেমা আপনাদের সামনে উপস্থাপন করি।
তিনি বলেন, আমার ক্যারিয়ারের মেগা প্রজেক্টগুলো মুক্তির আগেও একশ্রেণির মানুষ নেতিবাচক প্রচার চালিয়েছিল। কিন্তু দর্শক সবকিছুর জবাব দিয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘রকস্টার’র শুধু নেগেটিভ রিভিউ কেটে কেটে প্রচার করা হলো কেন? এই আক্ষেপটা, এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি? সানমোশন পিকচার্সের প্রতি? না রুশোর প্রতি? না, আমার নায়িকাদের প্রতি? নাকি বাংলা সিনেমার প্রতি? বিষয়টা আমি বুঝতে পারিনি। শাকিব খান স্পষ্ট করে বলেন, কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক।
নতুন ধারার গল্প নিয়ে সিনেমা যখনই এগিয়ে যেতে চায়, তখনই তারা টেনে পেছনে নামানোর চেষ্টা করে। তারা চায় দর্শক চেনা ছকের মর্টারগান বা মেশিন গানের মারামারিতেই আটকে থাকুক। তবে এই ধরনের বক্স অফিস পলিটিক্সকে ক্যারিয়ারের অংশ হিসেবেই দেখছেন ২৭ বছর ধরে ইন্ডাস্ট্রির চূড়ায় থাকা এই তারকা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পাহাড়ের চূড়ায় উঠতে যেমন লড়াই করতে হয়, সেখানে টিকে থাকতে গেলেও সমপরিমাণ স্ট্রাগল করতে হয়।
