কুমিল্লা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গুজব ছড়ানোর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে। বুধবার কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেয়া জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয় গত ৩১ মে একটি অনলাইন ব্লগসাইট এবং ‘প্রতিবাদী জনতা’ নামের একটি ফেসবুক পেজ থেকে কুমিল্লার পুলিশ সুপারকে প্রত্যাহারের বিষয়ে একটি আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা হয়। পুলিশ দাবি করেছে, ওই আদেশটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন ছিল এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে প্রচার করা হয়েছিল।
পরবর্তীতে ১ জুন ‘উত্তর ব্লগ’ ও সংশ্লিষ্ট ফেসবুক পেজে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাবে কুমিল্লা জেলা পুলিশ সুপারের প্রত্যাহার আদেশ বাতিল হয়েছে এমন একটি পোস্ট ভাইরাল হলে কুমিল্লা জেলা পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা প্রযুক্তিগত বিশ্লেষণ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে।
এরই ধারাবাহিকতায় কুমিল্লা ডিবির একাধিক টিম জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোনিয়া আক্তার (২৮) নামে একজনকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শ্রীপুর এলাকা থেকে আনোয়ার হোসেন পারভেজ (৩২)-কে গ্রেপ্তার করা হয়। পারভেজ সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার বার্তা সম্পাদক।
পুলিশ জানায়, তাদের ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল ডিভাইস পর্যালোচনায় গুজব ছড়ানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সরকারবিরোধী ও রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকলেও তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার প্রশাসন পঙ্কজ, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, ওসি ডিবি শামসুল আলম শাহ্ প্রমুখ।
