মমতার বিরুদ্ধে এফআইআর

হাদি হত্যাকে ইঙ্গিত করে মন্তব্য

মমতার বিরুদ্ধে এফআইআর

ফন্ট সাইজ:

হাদি হত্যাকে ইঙ্গিত করে ভারতের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছে। উস্কানিমূলক ও জাতীয়তা বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ দায়ের করেছেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়। বাংলাদেশের ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে সাম্প্রতিক এক সভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়।

গত ২ জুন কলকাতার ধমর্তলার ওয়াই চ্যানেলে নির্বাচনে পরাজয়ের প্রথম প্রকাশ্য রাজনৈতিক কমর্সূচিতে যোগ দিয়ে আচমকাই তৃণমূল কংগ্রেস নেত্রী বাংলাদেশের একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তোলেন। যদিও তিনি সরাসরি কোনও ব্যক্তির নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যে বাংলাদেশের ওসমান হাদি হত্যার ঘটনাকেই ইঙ্গিত করা হয়েছে বলে অভিযোগ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের একটি বড় হত্যাকাণ্ডের অভিযুক্তদের রাজ্যের এসটিএফ গ্রেপ্তার করেছিল।

পাশাপাশি তিনি দাবি করেন, ওই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কী তথ্য সামনে এসেছিল, সে বিষয়ে তিনি সবই জানেন। তার বক্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকাও উঠে আসে। তিনি বলেন, দেশের স্বার্থের কথা উল্লেখ করে কিছু তথ্য প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছিল বলে তিনি জানান।
এই বক্তব্যকেই কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত।

অভিযোগকারীর দাবি, বক্তব্যে এমন কিছু ইঙ্গিত রয়েছে যা জনমনে বিভ্রান্তি বা উত্তেজনা সৃষ্টি করতে পারে। সেই কারণেই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, একজন জননেতার বক্তব্যের প্রভাব ব্যাপক হতে পারে। ফলে এ ধরনের মন্তব্যের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগ গ্রহণের পর পুলিশ কী পদক্ষেপ নেয়, তা এখনও স্পষ্ট নয়।

তবে বিষয়টি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সব মিলিয়ে, বাংলাদেশের ওসমান হাদি হত্যা প্রসঙ্গে দেওয়া বক্তব্যকে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এই অভিযোগ নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এখন তদন্তকারী সংস্থা অভিযোগের ভিত্তিতে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন